Published : 28 Aug 2026, 02:42 PM
হাভিয়ের মাসচেরানো সরে দাঁড়ানোর চার মাস পর নতুন কোচ বেছে নিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের দলের নতুন কোচ হয়েছেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্তিয়ান ‘কিলি’ গন্সালেস।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব মায়ামি বৃহস্পতিবার নতুন কোচ নেওয়ার খবর জানায়। গন্সালেস ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত ডাগ আউটে থাকবেন গিয়ের্মো ওশো। মাসচেরানোর পদত্যাগের পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করছেন তিনি।
গত মাসে শক্তি আরও বাড়িয়েছে মায়ামি। দলে যোগ করেছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাজেমিরোকে। আগে থেকেই আছেন মেসি, সুয়ারেস, রদ্রিগো দে পলের মতো খেলোয়াড়রা। তবে ক্লাবের সময়টা ভালো যাচ্ছে না।
এমএলএস কাপের শিরোপাধারীরা নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে মায়ামি।
১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেন গন্সালেস। ইন্টার মিলান, ভালেন্সিয়া, রোসারিও সেন্ত্রালসহ নানা ক্লাবে খেলেছেন তিনি।
২০২০ সালে কোচিংয়ে যোগ দেন গন্সালেস। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।
আগামী শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে খেলবে মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় ওই ম্যাচে ডাগআউটে থাকবেন না ওশো।