ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 04 Jan 2026, 11:24 PM
লড়াইয়ের সব উত্তেজনা আর রোমাঞ্চ যেন ভর করল দ্বিতীয়ার্ধে, আরও বিশেষ করে বললে একেবারে শেষ সময়ে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে জয়ের সম্ভাবনা জাগাল লিভারপুল; কিন্তু শেষ মুহূর্তে তাদের আশায় পানি ঢেলে দিল ফুলহ্যাম।
প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ ড্র করেছে লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল দলটি।
হ্যারি উইলসনের গোলে পিছিয়ে পড়ার পর, সফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। যোগ করা সময়ে কোডি হাকপোর গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পরই হ্যারিসন রিড গোল করে ফের সমতা টানেন।
হতাশার মৌসুমে গত বছরের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিনটিসহ সব মিলিয়ে টানা চার ম্যাচ জিতে বছর শেষ করে তারা। কিন্তু নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ড্র করে লিডস ইউনাইটেডের সঙ্গে।
এবার আবার হোঁচট খেল তারা, পয়েন্ট টেবিলের নিচের সারির দলের বিপক্ষে।
২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম।
ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে লিভারপুল। রাউল হিমেনেসের চমৎকার এক ওয়ানটাচ পাস ধরে, ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন হ্যারি উইলসন। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভিএআরের সাহায্যে পরে গোলের বাঁশি বাজান রেফারি।
গোল হজমের পরও লিভারপুলের খেলায় মরিয়া ভাব দেখা যায়নি। প্রথমার্ধের বাকি সময়ের বেশিরভাগ পজেশন রেখে আক্রমণের চেষ্টা অবশ্য করতে থাকে তারা; কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি দলটি।
এই অর্ধে গোলের জন্য চারটি শট নিতে পারে শিরোপাধারীরা, যদিও একটি শটও লক্ষ্যে ছিল না।
৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে সমতা টানেন ভিয়েৎস। বল পায়ে দারুণ নৈপুণ্যে ড্রিবলিং করে এগিয়ে, ডি-বক্সে কয়েকজনের মধ্যে থেকে ছোট পাস বাড়ান ব্র্যাডলি আর প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।
লিভারপুলের যোগ দেওয়ার পর, দীর্ঘ অপেক্ষা শেষে গত বছরের শেষ ম্যাচে লিডসের বিপক্ষে জালের দেখা পান ভিয়েৎস। এক ম্যাচ পর গোল করলেন আরেকটি।
এরপর, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে বল প্রতিপক্ষের পায়ে লেগে দূরের পেয়ে যান হাকপো, সহজেই ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান তিনি।
যদিও তাদের ওই আনন্দ স্থায়ী হয় কিছুক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার রিড।
এবারের লিগে এর আগে যে চার ম্যাচে প্রথমে গোল হজম করে লিভারপুল, তার প্রতিটিতেই হেরেছিল দলটি। সেখানে এবার অন্তত হার এড়ানোর স্বস্তি নিয়ে ফিরল স্লটের দল।