১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা, ভারত, বাংলাদেশসহ ‘১৪ দলের’ নারী কাবাডি বিশ্বকাপ

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এবারের আসর আয়োজন করছে বাংলাদেশ।

আর্জেন্টিনা, ভারত, বাংলাদেশসহ ‘১৪ দলের’ নারী কাবাডি বিশ্বকাপ
প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। ছবি: কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। আগামী মাসের মাঝামাঝি শুরু হবে এই আসর।

আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও বাংলাদেশ-এই ১৪ দেশের অংশ নেওয়া নিশ্চিত। দলসংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নারী কাবাডি বিশ্বকাপের এবারের আসর আয়োজন করছে বাংলাদেশ। এবারের আসরে পাকিস্তান ও পোল্যান্ডের অংশ নেওয়ার সম্ভাবনাও আছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজকরা।

২০১২ সালে ভারতের পাটনায় মেয়েদের কাবাডি বিশ্বকাপের প্রথম আসর মাঠে গড়িয়েছিল। সেবার ইরানকে হারিয়ে সেরা হয়েছিল স্বাগতিকরাই।

১৩ বছর পর হতে যাওয়া দ্বিতীয় আসরের জন্য শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে সরকার। মেয়েদের টুর্নামেন্ট বলে নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

“নারীরা খেলবে। তাই বিষয়টা অনেক স্পর্শকাতর। নিরাপত্তার বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি। সব বিভাগের সাথে সমন্বয় করে আমরা কাজ করব।”

প্রতিযোগিতার সম্ভাব্য বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। এর অর্থের অর্ধেক সরকার দিচ্ছে। বাকিটা স্পন্সরদের কাছ থেকে জোগাড়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

“সরকারের যথেষ্ট সহযোগিতা আছে। সার্বিক বিষয়ে আমরা সহযোগিতা পাচ্ছি। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বকাপের বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে ৫ কোটি টাকা পাওয়া যাবে এবং বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা চলছে। আশা করি, সফলভাবে বিশ্বকাপ শেষ করে কাবাডি ফেডারেশনের ফান্ড বাড়াতে পারব আমরা।”

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল বর্তমানে বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) নিবিড় অনুশীলন করছে। এই প্রতিযোগিতায় ভালো করে র‌্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যের কথাও বললেন সোহাগ।

“কাবাডির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম। দুই অথবা তিনে যাওয়ার সুযোগ আছে আমাদের। আমরা যেন সে জায়গায় যেতে পারি সে চেষ্টাই থাকবে।”