১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঋতুপর্ণা-আফঈদাদের জন্য ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকার পুরস্কার

প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের খেলার টিকেট পাওয়া মেয়েদের সুখবর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

ঋতুপর্ণা-আফঈদাদের জন্য ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকার পুরস্কার
ইতিহাস গড়ে উইমেন’স এশিয়া কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:12 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ইতিহাস গড়া মেয়েরা পেল সুখবর। প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মিয়ানমারের বাছাই শেষ করে রোববার রাতে দেশে ফিরেন আফঈদা-ঋতুপর্ণারা। সোমবার ক্রীড়া উপদেষ্টা দিলেন আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা।

বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা পাওয়া নিশ্চিত হয় মেয়েদের। তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে শতভাগ জয় নিয়ে বাছাই শেষ করে পিটার জেমস বাটলারের দল।

গত বছর নেপালে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজও সে অর্থ মেয়েদের হাতে তুলে দিতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল পর্ব। এই আসরে সেরা ছয় দলের মধ্যে থাকলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার আসর সামনে রেখে মেয়েদের পাশে থাকার বার্তা রোববার সংবর্ধনা অনুষ্ঠানে দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে উইমেন’স সাফ জয়ের পর পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারেনি বাফুফে।