১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পরিণতি জানলে ইনফান্তিনোর প্রস্তাবে জড়াতেন না কুশনার

ফিফা সভাপতির বাতিল হওয়া প্রস্তাবের ‘প্রধান বিনিয়োগকারী’ জশ কুশনার বলেছেন, ফুটবলের রাজনীতি তারা বুঝে উঠতে পারেননি।

পরিণতি জানলে ইনফান্তিনোর প্রস্তাবে জড়াতেন না কুশনার
জশ কুশনার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 12:24 PM

Updated : 17 Sep 2026, 02:52 AM

মার্কিন ব্যবসায়ী জশ কুশনার অকপটে স্বীকার করেছেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবের সম্ভাব্য পরিণতি তিনি আন্দাজ করতে পারেননি। তার দাবি, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি প্রস্তাব নিয়ে এতটা তীব্র প্রতিক্রিয়ার ব্যাপারটি অনুমান করতে পারলে তার কোম্পানি ‘থ্রাইভ’ এটির সঙ্গে জড়িত হতো না। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই এই জশ কুশনার। ইনফান্তিনোর ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের মূলনীতিকে তিনি এখনও সমর্থন করছেন। তবে পাশাপাশি এটাও বলছেন যে, ফুটবলের রাজনীতি পুরোপুরি বুঝতে পারেনি ‘থ্রাইভ।’

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ফুটবলের অন্যান্য অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে জুলাই মাসের শেষে প্রস্তাবটি প্রত্যাহার করে নেন ইনফান্তিনো, যেখানে বিশ্বকাপ এবং অন্যান্য ফিফা টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের মূল্য ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছিল।

ইনফান্তিনোর প্রস্তাব নিয়ে গত এক মাসের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে তোলপাড়ের পর সোমবার এক বিবৃতিতে কুশনার তুলে ধরেন নিজেদের অবস্থান। 

“যদিও আমরা এফএফই-এর উদ্দেশ্যকে সমর্থন করি, তবে আমরা বিশ্ব ফুটবলের রাজনৈতিক গতিপ্রকৃতি এবং কেউ কেউ কতটা নিচে নামতে পারে তা অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। সকল অংশীদারের সহযোগী হিসেবে থ্রাইভের দীর্ঘদিনের সুনাম রয়েছে। এর পরিণতি কী হবে তা যদি আমরা জানতাম, তাহলে আমরা এতে জড়িত হতাম না।

আদালতের একটি নথি অনুযায়ী, ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে একটি পরিকল্পিত ফৌজদারি অভিযোগে ব্যবহারের জন্য ফ্লোরিডায় অবস্থিত ফিফা সংস্থাগুলোর কাছ থেকে সাক্ষ্য ও নথি সংগ্রহের অনুমতি চেয়ে গত সপ্তাহে একটি মার্কিন ফেডারেল আদালতে আবেদন করেছে উয়েফা।

বার্তা সংস্থা রয়টার্সের দেখা এই নথিতে এফএফই প্রস্তাবনা সংক্রান্ত ফিফা এবং থ্রাইভ ও অন্যান্য বিনিয়োগকারী এবং উপদেষ্টাদের মধ্যেকার সমস্ত যোগাযোগের বিবরণ চাওয়া হয়েছে।

এই ব্যাপারে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। 

জুলাই মাসের শেষের দিকে ফিফার ২১১ সদস্যকে লেখা চিঠিতে ইনফান্তিনো এই প্রস্তাবনার “প্রধান বিনিয়োগকারী” হিসেবে থ্রাইভ ক্যাপিটালের নাম উল্লেখ করেছিলেন।

যদিও বাতিল হওয়া প্রস্তাবনা চলাকালীন ‘ভুলগুলোর’ জন্য তিনি ক্ষমা চেয়েছেন, তবে পরবর্তীতে দরিদ্র জাতীয় ফুটবল ফেডারেশনগুলোকে আরও বেশি অর্থ বিতরণের একটি মাধ্যম হিসেবে এফএফই-এর পেছনের ধারণাটিকে সমর্থন করেছেন ইনফান্তিনো।

কুশনার তার বিবৃতিতে সেই মন্তব্যগুলোরই পুনরাবৃত্তি করেছেন।

“ফুটবলে অর্থ ঐতিহাসিকভাবে অল্প কয়েকটি দেশের হাতেই কেন্দ্রীভূত ছিল। এফএফই-এর পেছনের ধারণাটি ছিল ২১১টি সদস্য দেশের সকলের মধ্যে সমানভাবে আরও বেশি মূলধন ও ইক্যুইটি প্রবাহিত করা, যার মাধ্যমে অনুন্নত দেশগুলিতে উল্লেখযোগ্যভাবে বেশি বিনিয়োগ করা হবে স্থানীয় প্রতিভার বিকাশ, তৃণমূল ফুটবলকে সমর্থন, ভক্তদের অভিজ্ঞতা বৃদ্ধি এবং পরিশেষে সর্বত্র এই বৈশ্বিক খেলাটির প্রসার ঘটানোর জন্য।

এটি এমন একটি ধারণা ছিল, যার ওপর প্রতিটি সদস্য সংস্থা ভোট দেবে, কোনো বাধ্যবাধকতা বা সিদ্ধান্ত ছিল না।”