১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপেকে আটকাতে বিশেষ পরিকল্পনা ওসাসুনার

রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলকে সতর্ক বার্তা দিলেন ওসাসুনার কোচ।

এমবাপেকে আটকাতে বিশেষ পরিকল্পনা ওসাসুনার
কিলিয়ান এমবাপে। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

কিলিয়ান এমবাপের সামর্থ্য ভালো করেই জানেন আলেস্সিও লিশসি। লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে তাই ভীষণ সতর্ক ওসাসুনা কোচ। এই তারকাকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী মঙ্গলবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ওসাসুনা। এবারের লা লিগায় দুই দলেরই প্রথম ম্যাচ এটি।

আসছে এই লড়াইকে লা লিগায় নিজেদের সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি হিসেবে দেখছেন লিশসি।

“রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা...নিঃসন্দেহে লা লিগায় সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি এটি, সম্ভবত সবচেয়ে কঠিন, কারণ গত মৌসুমে সেরা দলগুলোর একটি ছিল রেয়াল মাদ্রিদ।”

“আমরা বড় দলগুলোর বিপক্ষে খেলতে পছন্দ করি; এমনকি প্রতি সপ্তাহে তাদের বিপক্ষে খেলতে পারলে দারুণ হতো। তাই তাদের সঙ্গে লড়াই নিয়ে আমরা খুশি এবং ম্যাচটির জন্য প্রস্তুত থাকতে আমরা কঠোর পরিশ্রম করছি।”

কোচ হিসেবে বের্নাবেউয়ে লিশসির অতীত অভিজ্ঞতা সুখকর নয়। তার কোচিংয়ে এই মাঠে ৬-০ গোলে হেরেছিল লেগানেস, গত মৌসুমে ওসাসুনা হেরেছিল ৪-০ গোলে। এবার ভালো কিছুর আশায় আছেন তিনি। 

“সান্তিয়াগো বের্নাবেউয়ে জেতা যে কোনো দলের জন্যই খুব কঠিন...কিন্তু আমরা জানি যে, কঠোর পরিশ্রম ও ভালো পারফরম্যান্স দিয়ে আমরা কিছু অর্জন করতে পারি। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে এবং আমি মনে করি, আমরা সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে পারব।”

এই লড়াইয়ে লিশসি সবচেয়ে বড় হুমকি মনে করছেন এমবাপেকে, যিনি রেয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে দারুণ পারফরম্যান্সের পর দ্বিতীয় মৌসুম শুরুর অপেক্ষায়।

“আমরা জানি এমবাপে ভিন্ন ধাঁচের খেলোয়াড় এবং তাকে নিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা তাকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছি এবং তাকে আটকাতে বিশেষ পরিকল্পনা তৈরি করেছি। হ্যাঁ, এটা (তাকে থামানো) কঠিন হবে, কিন্তু তাকে থামানোর চেষ্টা করব আমরা।”