১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষা ঘুচিয়ে ভিয়েৎস বললেন, ‘জানতাম গোল আসবেই’

১০ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া জার্মান মিডফিল্ডার এখানে প্রথম গোলের দেখা পেলেন ২৩ নম্বর ম্যাচে এসে।

অপেক্ষা ঘুচিয়ে ভিয়েৎস বললেন, ‘জানতাম গোল আসবেই’
ফ্লোহিয়ান ভিয়েৎস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 08:01 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ম্যাচের পর ম্যাচ কেটে যাচ্ছিল। কিন্তু ফ্লোহিয়ান ভিয়েৎসের অপেক্ষার পালা আর শেষ হচ্ছিল না। দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে অবশেষে লিভারপুলের জার্সিতে প্রথম গোল করার পর জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার বললেন, কখনও নিজের ওপর বিশ্বাস হারাননি তিনি।

গত জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে তখনকার ক্লাব রেকর্ড ১০ কোটি পাউন্ডে ভিয়েৎসকে দলে টানে লিভারপুল। পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে ধরা হয় আরও এক কোটি ৬০ লাখ পাউন্ড। স্বাভাবিকভাবেই তাই এই তারকা ফুটবলারের কাছে ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার প্রত্যাশা অনেক।

কিন্তু সেটা পূরণ করতে পারছিলেন না তিনি। পাচ্ছিলেন না গোলের দেখা। এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ২২ ম্যাচে অ্যাসিস্ট করতে পারেন কেবল ৬টি।

তার গোলের অপেক্ষা ফুরায় শনিবার ২৩তম ম্যাচে এসে, প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

অ্যানফিল্ডে ৪১তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন রায়ান গ্রাভেনবার্চ। সমর্থকদের সেই গোলের উদযাপনের মাঝেই পরের মিনিটে জালের দেখা পান ভিয়েৎস। উগো একিটিকের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ২২ বছর বয়সী ফুটবলার।

ম্যাচের পর ভিয়েৎস বলেন, গোল পাওয়ার বিশ্বাস তার ছিলই। দলের পারফরম্যান্সেও উচ্ছ্বসিত তিনি।

“আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, একদিন গোল করব। জানতাম গোল আসবেই এবং এভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমি।”

“প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। আমরা টেবিলের শীর্ষে থাকতে চাই। আমাদের শুরুটা সহজ ছিল না, তবে আমরা আরও ভালো করছি এবং পয়েন্ট অর্জন করছি।”

শিরোপা ধরে রাখার অভিযানে আসরে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জয়ের পর পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। সেই ব্যর্থতা একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। প্রিমিয়ার লিগে টানা তিন জয়সহ সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচে অপরাজিত আছে আর্না স্লটের দল।

১৮ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে আছে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।