১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাভিকে পাল্টা খোঁচা মারলেন লাপোর্তা

দুই বছর আগের বহুল আলোচিত ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে লাপোর্তা বলেন, শাভি যা পারেনি হান্সি ফ্লিক তাই করে দেখাচ্ছে।

শাভিকে পাল্টা খোঁচা মারলেন লাপোর্তা
হুয়ান লাপোর্তা (বাঁয়ে) ও শাভি। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 08:19 AM

Updated : 26 Aug 2026, 03:07 PM

শাভি এর্নান্দেসের চলে যাওয়ার আগাম ঘোষণা, ক্লাবের অনুরোধে তার সিদ্ধান্ত পরিবর্তন এবং মাসখানেকের মধ্যে তাকেই বরখাস্ত করা-দুই বছর আগে বার্সেলোনায় এই ঘটনাগুলো তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এতদিন পর তিক্ত সেই সময়ের প্রসঙ্গ টেনে বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন দলটির সাবেক কোচ শাভি। পাল্টা জবাব দিতে দেরি করেননি লাপোর্তাও। ওই সময় ও বর্তমানে দলের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে খোঁচাও মারলেন তিনি।

বার্সেলোনার খুব কঠিন সময়ে ২০২১ সালে দায়িত্ব নিয়ে পরের মৌসুমে দলকে লা লিগা শিরোপা জেতান শাভি। কিন্তু ২০২৩-২৪ মৌসুমে দলটির পারফরম্যান্স আশানুরূপ হয়নি। ওই মৌসুমের শেষে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন সাবেক তারকা মিডফিল্ডার। কিন্তু ‘ক্লাবের অনুরোধে’ ২০২৪ সালের এপ্রিলে চুক্তির শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পরের মাসেই তাকে ছাঁটাই করে বার্সেলোনা। ওই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিষ্কার করে কিছু বলেননি শাভি। কাতালান ক্লাবটির নির্বাচনের যখন সপ্তাহখানেক বাকি, তখন স্প্যানিশ দৈনিক পত্রিকা ‘লা ভানগার্দিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে মনের ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই ঘটনায় শাভি সরাসরি দোষারোপ করেন লাপোর্তাকে।

“শেষ পর্যন্ত তার কারণেই আমাকে ভুগতে হয়েছিল। আলেহান্দ্রে এচেভারিয়ার (লাপোর্তার সাবেক শ্যালক) কথায় প্রভাবিত হয়ে আমাকে সত্যিটা না বলেই সে (লাপোর্তা) আমাকে বরখাস্ত করেছিল। এচেভারিয়ার ক্ষমতা ছিল আসলে লাপোর্তার চেয়েও বেশি। আসলে এচেভারিয়াই আমাকে বিদায় করতে চেয়েছিল।”

সোমবারের নির্বাচনী বিতর্কে স্বাভাবিকভাবেই ওঠে শাভির ওই মন্তব্যের প্রসঙ্গ। জবাবে আত্মপক্ষ সমর্থন করেন লাপোর্তা। আবার পাল্টা খোঁচাও মারেন তিনি।

“(শাভির মন্তব্যে) আমি অবাক হয়েছি, কষ্টও পেয়েছি। তার এই বিবৃতি দেখে আমার ফ্লিকের কথা মাথায় এসেছে। বার্সার প্রেসিডেন্ট হওয়া খুব কঠিন কাজ এবং এই পদে থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি ঠিক তাই করেছি, (দলের ভালোর জন্য) যা আমাকে করতে হতো।” 

“আমি বুঝতে পারছিলাম যে, শাভির কোচিংয়ে আমরা হারতে যাচ্ছি এবং ফ্লিকের কোচিংয়ে আমরা জিতব। আমি বুঝতে পারছি, সে কষ্ট পেয়েছিল। একই খেলোয়াড় নিয়ে শাভি হারছিল আর ফ্লিক জিতছে।”