১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্লাবের সিদ্ধান্তের বাইরে গিয়ে খেলতে আসা ওতামেন্দির পাশে স্কালোনি

দেশের মাটিতে শেষ অফিসিয়াল ম্যাচ হওয়ায়, চোট থাকার পরও নিকোলাস ওতামেন্দিকে ভেনেজুয়েলার বিপক্ষে খেলান আর্জেন্টিনা কোচ।

ক্লাবের সিদ্ধান্তের বাইরে গিয়ে খেলতে আসা ওতামেন্দির পাশে স্কালোনি
বেনফিকার ইচ্ছার বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলছেন নিকোলাস ওতামেন্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

লিওনেল মেসির বিদায়ের ঘোষণায় আড়ালেই পড়ে গিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনা অধিনায়কের মতো সেদিন দেশের মাটিতে নিজের শেষ অফিসিয়াল ম্যাচ খেলেন অভিজ্ঞ এই ডিফেন্ডারও। ক্লাব বেনফিকা চায়নি ম্যাচটি খেলুক তাদের অধিনায়ক। তবে ওতামেন্দির কাছে এই ম্যাচের গুরুত্ব বুঝতে পেরে, চোট থকার পরও তাকে ভেনেজুয়েলার বিপক্ষে শুরুর একাদশে রাখেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।   

পাদপ্রদীপের আলোয় না থাকলেও নিজের কাজটা সবসময়ই করে  যান ওতামেন্দি। কোচ থাকাকালীন দিয়েগো মারাদোনা যে অসংখ্য খেলোয়াড়কে জাতীয় দলে ডেকেছিলেন তাদেরই একজন এই সেন্টার-ব্যাক। বেশিরভাগ হারিয়ে গেলেও, তাদের মধ্যে উজ্জ্বল ব্যতিক্রম ওতামেন্দি। ২০০৯ সালে অভিষেকের পর ক্রমেই হয়ে ওঠেন রক্ষণের বড় ভরসা। 

তরুণ ক্রিস্তিয়ানো রোমেরোর সঙ্গে ওতামেন্দির দারুণ রসায়নে জমজমাট এক রক্ষণ পেয়েছে পেয়েছে আর্জেন্টিনা। এমিলিয়ানো মার্তিনেসের একের পর এক ম্যাচে জাল অক্ষত রাখায় তাদেরও আছে বড় ভূমিকা।  

দেশের হয়ে ২০২১ কোপা আমেরিকা জিতেছেন ওতামেন্দি, পরের বছর বিশ্বকাপ। ২০২৪ কোপা আমেরিকার ট্রফি নেওয়ার সময় আনহেল দি মারিয়ার পাশাপাশি ওতামেন্দিকেও সঙ্গে নিয়েছিলেন মেসি। শেষের যে ডাকের আভাস সেদিন মিলেছিল, সেটাই যেন বাস্তবে রূপ পেতে শুরু করেছে। 

এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি ওতামেন্দি। তবে ৩৭ বছর বয়সী রক্ষণের এই নেতা যে আন্তর্জাতিক ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে, সেটা স্পষ্ট।  

বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে একুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শেষ করবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলেন দেশের ফুটবলে ওতামেন্দির অবদানের প্রশংসা করলেন কোচ লিওনেল স্কালোনি। 

“লিওকে ঘিরে যে সব হয়েছে, এর মধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম যে, সে (ওতামেন্দি) আমাদের কাছে কী এবং সেই ম্যাচ তার জন্যও কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার সঙ্গে কথা বলেছিলাম এবং ওই ম্যাচে খেলাটা তার প্রাপ্য ছিল। স্বীকৃতি তার প্রাপ্য, কারণ সে আমাদের অনেক সাহায্য করে, সেটা কেবল মাঠে নয় মাঠের বাইরেও।” 

“সে চোট নিয়ে খেলতে এসেছে এবং তার ক্লাবের সিদ্ধান্তের বাইরে গিয়ে এখানে এসেছে। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি মনে করি, আমাদের সে যা দিয়েছে এর জন্য সে সবসময় স্মরণে থাকবে।”