১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচদের বিপক্ষে নিখুঁত খেলতে হবে, বললেন রোমানিয়া কোচ

দৃঢ়তা, ম্যাচের নির্ণায়ক হওয়ার মানসিকতা নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হবে বলে মনে করেন রোমানিয়া কোচ এদওয়ার্দ ইয়োরদানেস্কু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 08:36 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

চার তৃতীয় সেরা দলের একটি হয়ে নেদারল্যান্ডস নকআউট পর্বে উঠলেও তাদেরকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ যে নেই, তা ভালোমতোই জানেন রোমানিয়া কোচ এদওয়ার্দ ইয়োরদানেস্কু। শেষ ষোলোর লড়াইয়ে ডাচদের হারাতে হলে নিখুঁত ফুটবল খেলতে হবে বলে মনে করেন তিনি।

মিউনিখে মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ২০০০ সালে সবশেষ সেরা আটে খেলা রোমানিয়া।

‘ই’ গ্রুপের সেরা হিসেবে শেষ ষোলোয় এসেছে রোমানিয়া। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৪০ ধাপ এগিয়ে থাকা নেদাল্যান্ডসের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই ইয়োরদানেস্কুর।

“আমরা জানি, আগামীকাল (মঙ্গলবার) ভালো ফল পেতে হলে আমাদের নিখুঁতের কাছাকাছি পারফরম্যান্স করতে হবে। মানসিকভাবে খুবই দৃঢ় থাকতে হবে। নির্ণায়ক হয়ে উঠতে হবে এবং সেটা মাঠে দেখাতে হবে।” 

“আমি মনে করি, আমার দল সেটা করতে পারে। আমাদের অবশ্যই ব্যক্তিভাবে ভুল করা যাবে না এবং খুবই সংগঠিত থাকতে হবে।”

এ পর্যন্ত ইউরোর ছয় আসরে মোট ১৯টি ম্যাচ খেলেছে রোমানিয়া; এর মধ্যে তাদের জয় মাত্র ২টি। এবারের আসরে ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়ে শুরুর পর বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। গ্রুপের শেষ ম্যাচে ১-১ ড্র করেছিল স্লোভাকিয়ার বিপক্ষে।