২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 19 May 2026, 03:06 AM
সুদীর্ঘ এক প্রতীক্ষার অবসান হলো নেইমারের। অপেক্ষা ঘুচল যেন পুরো ব্রাজিলের। সেলেসাওদের রেকর্ড গোলস্কোরারকে নিয়েই উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি।
হেক্সা জয়ের স্বপ্নের মিশনের জন্য সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ।
বিশ্বকাপ দলে নেইমার থাকবেন কি-না, ব্রাজিলের দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি কৌতুহল ছিল এটাই। নাচেগানে ভরপুর ঘণ্টাব্যাপী জমকালো এক অনুষ্ঠানের শেষে দল ঘোষণা করতে মঞ্চে উঠলেন আনচেলত্তি।
একে একে গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণ ও মাঝমাঠের সেনানীদের নাম ঘোষণা করলেন তিনি।
এরপর, আক্রমণভাগের শুরুতেই একটা চমক ধরা দিল, ১৯ বছর বয়সী এন্দ্রিক। রেয়াল মাদ্রিদে খেলার যথেষ্ট সুযোগ না পেয়ে ধারের চুক্তিতে লিলে যোগ দেন তিনি। আর ফরাসি ক্লাবটিতে আলো ছড়িয়ে আনচেলত্তির মনও জয় করেছেন দারুণ প্রতিভাবান এই ফরোয়ার্ড।
এরপরও একে একে গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে ও মাথেউস কুইয়ার নাম ঘোষণার পর, আনচেলত্তির মুখে নেইমারের নাম উচ্চারিত হতেই উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায়। কোচও বাধ্য হয়ে কিছুক্ষণ থামেন।
নেইমারকে দলে দেখার প্রত্যাশায় ব্রাজিলিয়ানরা কতটা বিভোর হয়ে ছিলেন, সেটাই যেন ফুটে ওঠে তখন। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে থাকার সময়ই গুরুতর চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি। এরপর একের পর এক চোট আঘাত হানে তার শরীর। হারিয়ে ফেলেন ফর্ম। সেভাবে আসলে মাঠে নামারই সুযোগ হয়নি দীর্ঘদিন।
বাধ্য হয়ে আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনে, ২০২৫ সালের জানুয়ারিতে স্বদেশের ক্লাব সান্তোসে ফিরে যান নেইমার। লক্ষ্য ছিল একটাই, পুরোপুরি সুস্থ হয়ে আবার নিজেকে ফিরে পেয়ে জাতীয় দলে ফেরা। কিন্তু এখানেও সমস্যা তার পিছু ছাড়ছিল না। তবে হাল ছাড়েননি সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। তারই সুফল পেলেন এবার।
আড়াই বছরের বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরলেন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৭৯টি গোল করা নেইমার।
দর্শকরা একটু শান্ত হওয়ার পর, বাকি তিন ফরোয়ার্ড রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়রের নাম ঘোষণা করেন আনচেলত্তি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভেরতন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কিনিয়োস
মিডফিল্ডার: ওয়েসলি, ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সিনিয়র, ফাবিনিও, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, মাথেউস কুইয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়র