২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

র‍্যাশফোর্ড ও গার্সিয়াকে নিয়েই মাঠে নামছে বার্সেলোনা

তাদের লা লিগায় নিবন্ধন করানো নিয়ে সব জটিলতা কেটে গেছে।

র‍্যাশফোর্ড ও গার্সিয়াকে নিয়েই মাঠে নামছে বার্সেলোনা
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মার্কাস র‍্যাশফোর্ড। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

নতুন খেলোয়াড়দের লা লিগায় নিবন্ধন করানো নিয়ে জটিলতা কেটে গেছে বার্সেলোনার। ফলে গোলরক্ষক হোয়ান গার্সিয়া ও ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডকে নিয়েই মায়োর্কার বিপক্ষে মৌসুম শুরুর ম্যাচে খেলতে নামছে কাতালান ক্লাবটি।

ফুটবলার কেনা ও বেতন বাবদ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করায় লা লিগার কঠোর ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়মের কারণে কয়েক মৌসুম ধরেই ভুগতে হচ্ছে বার্সেলোনাকে। এবারও এস্পানিওল থেকে দলে টানা স্প্যানিশ গোলরক্ষক গার্সিয়া এবং ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ধারে আনা ইংলিশ ফরোয়ার্ড র‍্যাশফোর্ডকে নিবন্ধন করানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল তারা।

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে শনিবার মায়োর্কার মাঠে নামবে বার্সেলোনা। আগের দিন পর্যন্তও এই ম্যাচে র‌্যাশফোর্ড ও গার্সিয়াকে পাওয়ার নিশ্চয়তা ছিল না তাদের। তাতে আগের দিন সংবাদ সম্মেলনে ক্ষোভও প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

তবে পরদিন এক অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা অনেকটা নিশ্চিত করে বলেন, ওই দুই খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

“এই দুই খেলোয়াড়ের নিবন্ধন সারতে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে বার্সেলোনা এবং এখন তারা লা লিগার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।” 

একই সঙ্গে তিনি আরও বলেন, মায়োর্কার বিপক্ষে ম্যাচে কোচ ফ্লিক ইচ্ছা করলে খেলাতে পারবেন ওই দুজনকে।

এর কিছুক্ষণ পরই বার্সেলোনার ওয়েবসাইটে র‌্যাশফোর্ড ও গার্সিয়াকে রেখে আসছে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়।