২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বায়ার্নেই ‘থাকছেন’ কেইন, ওলিসে ‘বিক্রির জন্য নয়’

দলটির কিংবদন্তি ও বোর্ডের সদস‍্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, মৌসুম শেষেই কেইনের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসবে ক্লাব।

বায়ার্নেই ‘থাকছেন’ কেইন, ওলিসে ‘বিক্রির জন্য নয়’
হ্যারি কেইন (বাঁয়ে) ও মাইকেল ওলিসে। ছবি: বুন্ডেসলিগা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:16 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

চুক্তির মেয়াদ এখনও বাকি এক বছর। তবে হ্যারি কেইনের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করতে চায় বায়ার্ন মিউনিখ। দলটির কিংবদন্তি ও বোর্ডের সদস‍্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, জার্মান ক্লাবটিতে থাকতে চান ইংলিশ তারকা ফরোয়ার্ডও।

আক্রমণের ভাগের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাইকেল ওলিসেকে নিয়েও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন রুমেনিগে। কোনো অর্থের বিনিময়েই ফরাসি ফরোয়ার্ডকে ছাড়তে নারাজ তারা।

ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে ২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন কেইন। আগামী বছর জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হচ্ছে তার। দলটিতে এসে গোলের বন্যায় বইয়ে চলা ৩২ বছর বয়সী ফুটবলারকে নিয়ে কী ভাবছে বায়ার্ন?

টি-অনলাইনের সঙ্গে আলাপকালে দলে কেইনের গুরুত্ব তুলে ধরে তাকে আরও লম্বা সময়ের জন্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন রুমেনিগে। 

“হ্যারি কেইনকে মিউনিখে আনা ক্লাবের ইতিহাসের বড় সাফল্যগুলোর একটি। তার চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ থাকার কথা সবাই জানে। কিন্তু সে তা ট্রিগার করেনি এবং মিউনিখে থাকার ইঙ্গিত দিয়েছে। আর সেই অনুযায়ী, মৌসুম শেষে ক্লাবের দায়িত্বশীলরা তার সঙ্গে আলোচনায় বসবে।”

কেইনের মতো দুর্দান্ত ফর্মে আছেন ওলিসেও। চলতি মৌসুমে বায়ার্নের ট্রেবল জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। গণমাধ্যমের খবর, তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের কিছু ক্লাব। বিশেষ করে, মোহামেদ সালাহর বিকল্প খোঁজা লিভারপুল চালাচ্ছে জোর চেষ্টা।

রুমেনিগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২৪ বছর বয়সী রাইট উইঙ্গার বিক্রির জন্য নয়। যেকোনো মূল্যেই তাকে ধরে রাখতে চায় বায়ার্ন।

“সে অসাধারণ খেলোয়াড়। তার মিতভাষী ও প্রচার-বিমুখ স্বভাব আমার ভালো লাগে। আজকাল এমন মানুষ বিরল। সে দারুণ ছেলে, মাঠেও সে দুর্দান্ত। সে জাদুকরি ফুটবল খেলে।”

“২০০৯ সালে ফ্রাঙ্ক রিবেরির জন্য আমরা চেলসি থেকে অবিশ্বাস্য এক প্রস্তাব পেয়েছিলাম, যা সেই সময়ে ট্রান্সফারের বিশ্ব রেকর্ড হতো। তখন সেই প্রস্তাব নিয়ে তৎকালীন সিএফও কার্ল হফনার এবং উলি হোয়েনেসের কাছে গিয়েছিলাম। দুই ঘণ্টা আলোচনা করে কী করা যায় সেটা বের করার চেষ্টা করেছিলাম। সেদিন আমরা একটি মৌলিক সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ভবিষ্যতে এমন কোনো খেলোয়াড়কে আমরা বিক্রি করব না, যাকে মাঠে আমাদের প্রয়োজন। এই অলিখিত নিয়মটি আজও কার্যকর। ওলিসের মতো একজন খেলোয়াড়ের জন্য এমন কোনো দাম নেই যা আমাদের টলাতে পারে।”

এরই মধ্যে বুন্ডেসলিগার শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে তারা। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার শিরোপাধারী পিএসজির বিপক্ষে লড়বে ভেসোঁ কম্পানির দল।