১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার সিটিতে নতুন চুক্তিতে ফোডেন

হতাশার মৌসুমের পর, নতুন কোচের হাত ধরে নতুন শুরুর অপেক্ষায় আছেন এই মিডফিল্ডার।

ম্যানচেস্টার সিটিতে নতুন চুক্তিতে ফোডেন
ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

ম্যানচেস্টার সিটির সঙ্গে চার বছরের নতুন চুক্তি করেছেন ফিল ফোডেন। এই চুক্তি অনুযায়ী, ক্লাবটিতে ২০৩০ সাল পর্যন্ত থাকবেন এই মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগের ক্লাবের ওয়েবসাইটে বুধবার ফোডেনের সঙ্গে নতুন চুক্তির খবরটি জানানো হয়েছে।

সিটিতে ফোডেনের আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী গ্রীষ্মে। তবে ক্লাবে পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি এন্টসো মারেস্কার কোচিংয়ে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন তিনি।

গত মৌসুমটা আশানুরূপ কাটেনি ফোডেনের; প্রিমিয়ার লিগে কেবল ২৩ ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন তিনি। মৌসুমে শুরুর দিকে অনেকটা সময় ছন্দহীন থাকার পর, ফর্মে ফেরার আভাস দিলেও জাতীয় দলের কোচের মন জয় করতে পারেননি এই ইংলিশ ফুটবলার। তাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেন টমাস টুখেল।

সেই হতাশা ভুলে, সিটিতে নতুন শুরুর দিন গুনছেন ফোডেন।

“সিটির সঙ্গে আগামীতেও প্রতিশ্রতিবদ্ধ থাকার অর্থ আমার কাছে অনেক কিছু। এই ক্লাবের হয়ে যেন খেলতে পারি, এটাই আমি সবসময় চেয়েছি এবং এই জার্সি পরতে পারা আমার জন্য সবসময়ই অনেক সম্মানের।”

সিটির জার্সিতে এখন পর্যন্ত ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি জিতেছেন ফোডেন। ২০২২-২৩ মৌসুমে পেয়েছেন ট্রেবল জয়ের স্বাদ। সেই মৌসুমে গুয়ার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা।

এবার এই ইতালিয়ান থাকবেন মূল কোচের ভূমিকায়। তার কোচিংয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন ফোডেন।

“এন্টসোর সঙ্গে কাজ করতে আমার তর সইছে না। ট্রেবল জয়ের মৌসুমে তিনি চমৎকার কাজ করেছিলেন- তিনি এমন একজন, যাকে সব খেলোয়াড় সম্মান করে এবং তার সঙ্গে কাজ করতে পছন্দ করে।”