ম্যাচের মাঝেই কোচের মৃত্যু
ম্যাচের প্রথমার্ধে হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল ম্লাদেন জিজোভিচকে।
মর্মান্তিক ঘটনা ঘটেছে সার্বিয়ার ফুটবলে। দেশটির শীর্ষ লিগে ম্যাচ চলাকালীন মারা গেছেন এফকে রাদনিচকি ১৯২৩ এর কোচ ম্লাদেন জিজোভিচ।
সার্বিয়ার গণমাধ্যমের খবর, প্রতিপক্ষ ক্লাব ম্লাদস্ত লুচানির মাঠে ম্যাচের প্রথমার্ধে হার্ট অ্যাটাক হয় ৪৪ বছর বয়সী জিজোভিচের।
বসনিয়ার সাবেক মিডফিল্ডার জিজোভিচ দুই সপ্তাহেরও কম সময় আগে রাদনিচকির কোচ হন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব।
“আমাদের ক্লাব কেবল একজন অসাধারণ পেশাদারকে হারায়নি, একজন ভালো মানুষ, একজন বন্ধু, একজন ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছে। আমরা যারা তাকে চিনতাম তাদের মাঝে তিনি তার জ্ঞান, প্রাণশক্তি ও মাহাত্ম্য দিয়ে গভীর ছাপ রেখে গেছেন।”
মাঠে লুটিয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কয়েকজন খেলোয়াড় কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুর খবর এসে পৌঁছানোর পর সার্বিয়ান সুপারলিগার ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
জিজোভিচের অকাল মৃত্যুকে দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি হিসেবে এক বিবৃতিতে বর্ণনা করেছে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএসএস)।
