০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আসিয়ান কাপের দল থেকে ছয় জনকে বাদ দিলেন ডুলি

তাহমিদ, দেবাজিৎ, তাজ উদ্দিন, ইসা ফয়সাল, কাজেম শাহ ও রাহুলের আসিয়ান কাপে খেলা হচ্ছে না।

আসিয়ান কাপের দল থেকে ছয় জনকে বাদ দিলেন ডুলি
অনুশীলনে বাংলাদেশ দল। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 06:58 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

আসন্ন আসিয়ান কাপ সামনে রেখে শেষ দিকের গোছগাছ সেরে নিতে ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন টমাস ডুলি। ছয় জনকে বাদ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

রোমানিয়ার চতুর্থ স্তরের দলে সিএস টুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ ও ইতালির সেরি ডি’র দল সারনেসে খেলা দেবাজিৎ সরকারকে এখনই জাতীয় দলের জন‍্য উপযুক্ত মনে হয়নি ডুলির। এছাড়াও বাদ পড়েছেন তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি ও রাব্বী হোসেন রাহুল।

ছয় জনকে বাদ দেওয়ার পর ক্যাম্পের দলে বর্তমানে আছেন ২৮ জন। এদের সঙ্গে যোগ হবেন সাদউদ্দিন ও ভুটানের লিগে খেলা কাজী তারিক রায়হান। বাদ পড়াদের পরবর্তী করণীয়গুলো বুঝি দেওয়ার পাশাপাশি কোচ বললেন, দল এখনও চূড়ান্ত করেননি তিনি।

“স্পষ্টতই, আমরা এখনো ইন্দোনেশিয়ার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করিনি। তবে অনুশীলনে আমাদের ৩০ জনের মতো খেলোয়াড় ছিল। আরও দুজন খেলোয়াড় আসছে—আগামী সপ্তাহে সাদ আর তারিক আসছে। তাই স্কোয়াডে ভিড় কিছুটা বেড়ে যাচ্ছে এবং আমি ইন্দোনেশিয়া ম্যাচের জন্য যে স্কোয়াডটি আমাদের রয়েছে সেটার ওপর মনোযোগ দিতে চাই। অবশ্যই আমরা কয়েকজন নতুন খেলোয়াড়কে ডেকেছিলাম এবং তাদের দক্ষতা দেখানোর সুযোগ দিয়েছিলাম।

“আমি তাদের বলেছি…আসলে খেলোয়াড়দের এটা জানানো খুবই কঠিন যে, কাউকে বাদ পড়তে হবে এবং তাদের পরবর্তী সময়ের জন্য প্রস্তুত হতে হবে। তাই তাদের সম্পর্কে আমাদের মতামত আমরা জানিয়েছি এবং পরামর্শ দিয়েছি পরবর্তী সময়ে আসার আগে তাদের কোন বিষয়গুলোতে কাজ করা উচিত এবং কেন তারা এবার মূল দলে নির্বাচিত হয়নি।"

হামজা চৌধুরী, শোমিত সোমদের মতো প্রবাসীদের অনেকেই নেই ক্যাম্পে। ক্লাবের ছাড়পত্র পেলে ফিফা উইন্ডোর সময় তারা যোগ দেবেন দলের সাথে।

ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) অনুষ্ঠেয় আসিয়ান কাপের সূচি প্রকাশ করা হয়েছে বুধবার।

প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পরদিন মালয়েশিয়ার (১৩৬) মুখোমুখি হবে বাংলাদেশ (১৮১)।

২৮ সেপ্টম্বর সিঙ্গাপুরের (১৪৮) বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (১১৮) মুখোমুখি হবে তারা ১ অক্টোবর।

প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় তিনটায় (পিএম)। শেষ ম্যাচ সাড়ে ৬টায় (পিএম)।