১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষণে যেভাবে বদলে গেছে ব্রাজিল

কার্লো আনচেলত্তির কোচিংয়ে তিন ম্যাচে এখনও কোনো গোল হজম করেনি পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

রক্ষণে যেভাবে বদলে গেছে ব্রাজিল
অনুশীলনে ব্রাজিল দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

আগের কোচ দরিভাল জুনিয়রের কোচিংয়ে শেষ সাত ম্যাচের ছয়টিতে যেখানে গোল হজম করেছিল ব্রাজিল, সেখানে নতুন কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে তিন ম্যাচের সবকটিতে জাল অক্ষত রেখেছে তারা। ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস বলছেন, রক্ষণকে অনেক গুরুত দিচ্ছেন তারা। তার মতে, রক্ষণভাগই হওয়া উচিত যেকোনো দলের মূল স্তম্ভ।

আনচেলত্তির কোচিংয়ে প্রথম ম্যাচে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় তারা।

সবচেয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দেয় তারা সবশেষ ম্যাচে। বাংলাদেশ সময় গত শুক্রবার সকালে বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। 

পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বলিভিয়ার মাঠে খেলবে ব্রাজিল। রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফল্যের জন্য দলের রক্ষণের গুরুত্ব তুলে ধরেন মাগালিয়াইস।

“একটি দলের ভিত্তি হওয়া উচিত অবশ্যই রক্ষণ। আমরা ম্যাচ শুরু হতেই যত দ্রুত সম্ভব রক্ষণ দৃঢ় করার চেষ্টা করি, যেই খেলুক না কেন। প্রত্যেকেরই অনেক গুণ আছে। আমরা একে অপরকে বোঝার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি এবং আমাদের খুব শক্তিশালী রক্ষণভাগ আছে।”

বলিভিয়া ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অভিযানের ইতি টানবে ব্রাজিল। ম্যাচটি যেখানে হবে, বলিভিয়ার সেই এল আলতো শহরের মিউনিসিপাল স্টেডিয়ামের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটারের বেশি উঁচুতে। অত্যধিক উচ্চতার কারণে বলিভিয়ার মাঠগুলোতে খেলতে প্রায়ই সমস্যা হয় সফরকারী খেলোয়াড়দের। একবার বলিভিয়ার কন্ডিশনকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেছিলেন নেইমার।

২৭ বছর বয়সী মাগালিয়াইস যদিও উচ্চতা নিয়ে ভাবছেন না। শুধু ম্যাচ জয়ের দিকেই তাদের মনোযোগ রাখা উচিত বলে মনে করেন আর্সেনালের এই সেন্টার-ব্যাক। 

“উচ্চতা নিয়ে ভাবতে হবে না আমাদের, বরং ব্রাজিল জাতীয় দলের জার্সি পরে দুর্দান্ত ম্যাচ খেলতে হবে ও জয়ী হতে হবে। আমরা অসুবিধাগুলো জানি, তবে মাঠে আমাদের কী করতে হবে, সেটাও জানতে হবে। এর জন্য আমরা প্রস্তুত।”