১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে স্তব্ধ করে বের্নাবেউয়ে সেল্তার জয়োল্লাস

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল শাবি আলোন্সোর দল।

রেয়াল মাদ্রিদকে স্তব্ধ করে বের্নাবেউয়ে সেল্তার জয়োল্লাস
প্রথম গোলের পর সেল্তা ভিগোর খেলোয়াড়দের উল্লাস। ছবি: লা লিগা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 04:35 AM

Updated : 26 Aug 2026, 05:16 PM

ম্যাচ জুড়ে ছন্দ পেতে ভুগল রেয়াল মাদ্রিদ। বেশ কিছু সুযোগ নষ্ট করলেন এমবাপে-ভিনিসিউসরা। উজ্জীবিত পারফরম্যান্সে শাবি আলোন্সোর দলকে তাদের মাঠেই হারিয়ে দিল সেল্তা ভিগো।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে হেরেছে রেয়াল মাদ্রিদ। অনেকটা সময় ১০ জন ও যোগ করা সময়ে কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন ভিলিয়ত। এই অর্ধে বদলি নেমে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তিনি। 

২০০৬ সালের পর এই প্রথম রেয়ালের মাঠে জিতল সেল্তা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রেয়ালকে হারাতে পারল তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে। 

এই হারে বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল রেয়াল। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারীরা।

১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেল্তা।

ম্যাচে প্রায় ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য রেয়ালের ২৩ শটের ৭টি ছিল লক্ষ্যে। আর সেল্তার ৭ শটের ৫টিই লক্ষ্যে ছিল।

বল দখলে রেয়াল এগিয়ে থাকলেও প্রথম ভালো সুযোগ পায় সেল্তা। অষ্টম মিনিটে ব্রায়ান সারাগোসার থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন পাবলো দুরান, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন তিনি।

ছন্দ পেতে ভুগছিল রেয়াল। এর মাঝেই বড় এক ধাক্কা খায় তারা। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পান এদের মিলিতাও। পরে তিনি মাঠ ছাড়েন দুই জনের কাঁধে ভর দিয়ে। 

চোট কাটিয়ে ফিরতে না-ফিরতেই আবার ছিটকে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২৪তম মিনিটে তার বদলি নামেন জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। 

৩৫তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে চেষ্টা করেন আর্দা গিলের, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সেল্তার গোলরক্ষক।   

আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র ছিলেন অনেকটা ম্রিয়মাণ। প্রথম ৩৬ মিনিটে ভিনিসিউস বল স্পর্শ করতে পারেন ১৬ বার, ১৭ বার এমবাপে।

রেয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ৩৯তম মিনিটে। বক্সে ভিনিসিউসের কাটব্যাক পেয়ে এমবাপের পাস দেন গিলেরকে, ভারসাম্য হারিয়ে ফেলায় কোনোমতে শট নিতে পারেন তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার, পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল।  

৪২তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ হারায় সেল্তা। বোর্হা ইগলেসিয়াসের পাস ধরে এগিয়ে যান দুরান। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। বক্সের বাইরে থেকে স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।  

প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে উঁচু করে চমৎকার এক বল বাড়ান অহেলিয়া চুয়ামেনি। বক্সে ঢুকে ভিনিসিউসের নেওয়া শট ব্যর্থ করে দেন গোলরক্ষক। 

দ্বিতীয়ার্ধের শুরুতে দুরানের বদলি নেমে ৫৩তম মিনিটে চমৎকার গোলে সেল্তাকে এগিয়ে নেন ভিলিয়ত। বক্সের ভেতর বাঁ দিক থেকে সারাগোসার পাস পেনাল্টি স্পটের কাছ থেকে ব্যাকহিল ফ্লিকে জালে পাঠান অরক্ষিত সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার।

৬৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় রেয়াল। আগের মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। পরের মিনিটে আবার একই কাজ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।

৭৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন লা লিগায় ৫০তম ম্যাচ খেলতে নামা এমবাপে। নিজেদের অর্ধ থেকে চুয়ামেনির উঁচু করে বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করেন ফরাসি তারকা, বল পড়ে ওপরের জালে।

৮৮তম মিনিটে রেয়ালের আরেকটি সুযোগ নষ্ট হয়। চুয়ামেনির ক্রসে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি গন্সালো গার্সিয়া।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিলিয়তকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলভারো কারেরাস। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কয়েক সেকেন্ড পর লাল কার্ড দেখেন এই ডিফেন্ডার।

আর রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো।

পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ভিলিয়ত। যেখানে যথেষ্ট দায় ছিল রেয়ালের রক্ষণের। ইয়াগো আসপাসের পাস বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান ভিলিয়ত।

শেষ বাঁশি বাজতেই স্মরণীয় জয়ের উল্লাসে ফেটে পড়ে সেল্তা ভিগো।

লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রেয়াল মাদ্রিদ। আগামী বুধবার ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আলোন্সোর দল।