১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিলানের বিপক্ষে হেরে ইউনাইটেড কোচ বললেন, ‘কোনো অজুহাত নেই’

ভালো অবস্থা থেকে দল এভাবে পথ হারিয়ে ফেলায় কোচ মাইকেল ক্যারিকের কণ্ঠে কেবল হতাশাই ঝরল।

মিলানের বিপক্ষে হেরে ইউনাইটেড কোচ বললেন, ‘কোনো অজুহাত নেই’
মাইকেল ক্যারিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:31 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

নতুন মৌসুমে মূল অভিযানে নামার আগে, শেষ প্রস্তুতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও বড় ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভালো অবস্থা থেকে দল এভাবে পথ হারিয়ে ফেলায় কোচ মাইকেল ক্যারিকের কণ্ঠে কেবল হতাশাই ঝরল।

পোল্যান্ডে শনিবারের প্রীতি ম্যাচটিতে দ্বিতীয় মিনিটেই হ্যারি ম্যাগুইয়ারেরে গোলে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধেই মিলান সমতা টানার পর, দ্বিতীয়ার্ধের শুরুতে প্যাট্রিক ডগুর গোলে আবার এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। 

তবে এরপর, ১৪ মিনিট তিন গোল খেয়ে ৪-২ ব্যবধানে হেরে বসে ইউনাইটেড।

প্রাক-মৌসুমের এসব ম্যাচে জয়-পরাজয় অবশ্যই মুখ্য নয়। তবে, মাঠের লড়াইয়ে এভাবে পথ হারিয়ে ফেলাটাই ভাবনার বিষয়। গত মৌসুমেও লম্বা একটা সময় একই সমস্যায় ভুগতে দেখা গেছে তাদেরকে। পরে অবশ্য ক্যারিকের কোচিংয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসে তারা।

এবারের প্রাক-মৌসুমে ছয়টি ম্যাচ খেলে এই নিয়ে দুটিতে হারল ইউনাইটেড। জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, ১-১ ড্র করেছে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে; তাই তাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে বলা যায়।

ক্যারিকের কণ্ঠেও প্রকাশ পেল সেই স্বস্তি, তবে এই হার নিয়ে ঝরল হতাশাও।

“সব মিলিয়ে, আমাদের (প্রাক-মৌসুম) ভালোই কেটেছে। আমার মতে, ইতিবাচক অনেক কিছু আছে। 

“আজকের ম্যাচ নিয়ে আমরা অসন্তুষ্ট। আজ আমরা ভালো খেলিনি, সুতরাং (এই হারের) কারণ আছে। কিছু বিষয়ে, এখান থেকে আমাদের শেখার আছে। আমাদের উন্নতি করতে হবে, কয়েকজন প্রথমবার মাঠে নেমে অল্প সময় খেলেছে।”

তবে কোনোকিছুকেই অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না ক্যারিক।

“হারের পেছনে নানারকম কারণ আছে… তবে কোনো অজুহাত দেখাতে চাই না, আসল কথা আজ আমরা ভালো খেলিনি।”

আগামী শনিবার হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।