১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শিয়াওতেককে হারিয়ে দিলেন ঝেং

পরপর দুই ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেট জিতে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন বর্তমান অলিম্পিকস চ্যাম্পিয়ন।

আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শিয়াওতেককে হারিয়ে দিলেন ঝেং
ঝেং কিনওয়েন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 01:03 AM

Updated : 17 Sep 2026, 02:56 AM

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে পেছন দিকে শুয়ে পড়লেন ঝেং কিনওয়েন। নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না। অবিশ্বাস্য এক কাজই যে তিনি করে দেখালেন। তাও একবার নয়, পরপর দুইবার। টানা দ্বিতীয় ম্যাচে ৫-০ গেমে পিছিয়ে পড়েও সেট জিতে ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে উঠলেন চীনের তারকা।

চতুর্থ রাউন্ডে ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেকের বিপক্ষে প্রথম সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন ঝেং। সেখান থেকে টানা সাত গেম জিতে সেটটি নিজের করে নেন তিনি। শেষ পর্যন্ত ৭-৫, ৬-৩ গেমে ম্যাচ জিতে বাজিমাত করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

বর্তমান অলিম্পিকস চ্যাম্পিয়ন ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ের সাবেক চার নম্বর খেলোয়াড় ঝেং ২০২৫ সালের জুলাইয়ে কনুইয়ের অস্ত্রোপচারের পর সেরা ফর্মে ফিরতে সংগ্রাম করছিলেন। চলতি বছরের শুরুতে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ জনের বাইরে চলে যান তিনি।

গত শনিবার তৃতীয় রাউন্ডে ম্যাডিসন কিসের বিপক্ষে ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে ৫-০ গেমে পিছিয়ে ছিলেন ঝেং, এরপর টানা সাত গেম জিতে পা রাখেন চতুর্থ রাউন্ডে। একদিন পর এখানেও আরেকটি অসম্ভব কাজকে সম্ভব করে দেখালেন তিনি।

সব মিলিয়ে চলতি ইউএস ওপেনে টানা সাত ম্যাচ জিতলেন ঝেং। বাছাইপর্বে তিন রাউন্ড পেরিয়ে মূল লড়াইয়ে আসতে হয় তাকে। এখন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০-এর কাছাকাছি ফিরবেন তিনি।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নাওমি ওসাকা অথবা এলেনা রিবাকিনার মুখোমুখি হবেন এখনও কোনো মেজর জিততে না পারা ঝেং।