১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমালোচনায় বিদ্ধ শেশকোর পাশে অ‍্যামুরি

ম‍্যানচেস্টার ইউনাইটেডে কঠিন সময় কাটানো বেনইয়ামিন শেশকোর প্রতি কোচের বার্তা, ‘সমালোচনাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে নাও।’

সমালোচনায় বিদ্ধ শেশকোর পাশে অ‍্যামুরি
বেনইয়ামিন শেশকো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুটা মোটেও ভালো হয়নি বেনইয়ামিন শেশকোর। নতুন ক্লাবে প্রায়ই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তরুণ এই ফরোয়ার্ড। সেটা মেনে নিয়েই তাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন দলটির কোচ হুবেন অ‍্যামুরি।

জার্মানির ক্লাব আরবি লাইপজিগ থেকে গত অগাস্টে ৭ কোটি ৬৫ লাখ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে ইউনাইটেডে যোগ দেন শেশকো। প্রিমিয়ার লিগের দলটির হয়ে ১১ ম‍্যাচে তার গোল কেবল দুটি।  

শেশকে যে প্রবল চাপে আছেন, বুঝতে পারছেন অ‍্যামুরি। টটেনহ‍্যাম হটস্পারের বিপক্ষে শনিবারের ম‍্যাচের আগে স্লোভেনিয়ার ফরোয়ার্ডকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন পর্তুগিজ এই কোচ।

“যদি প্রতি সপ্তাহে ভালো করতে না পারেন, তাহলে ক্লাব কিংবদন্তি, বিশেষজ্ঞ এবং গণমাধ‍্যমের থেকে অনেক সমালোচনা শুনবেন, আর কখনও কখনও তারা সঠিকও। এটা যে স্বাভাবিক সেটা বোঝার সামর্থ‍্য থাকা এবং আত্মবিশ্বাস উঁচু পর্যায়ে ধরে রাখা একজন তরুণের জন‍্য কঠিন। বিশেষ করে এমন একজন তরুণের জন‍্য যে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না।”

“সে দীর্ঘ মেয়াদে আমাদের স্ট্রাইকার হতে যাচ্ছে। সেই যাত্রা পথে তার এই সব ভোগান্তি ও বাধা পার হতে হবে। ফুটবলে এটা স্বাভাবিক ব‍্যাপার।” 

গত সপ্তাহে নটিংহ‍্যাম হটস্পারের বিপক্ষে ২-২ ড্রয়ের পর ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ গ‍্যারি নেভিল কঠোর সমালোচনা করেন শেশকোর। সে বিষয়েও নিজের মত জানালেন ইউনাইটেড কোচ।

“অবশ‍্যই, ওই কথা কারোরই শুনতে ভালো লাগবে না। তবে শেশকো এখন কিছুটা ভুগছে এবং এটা সত‍্যি… (নেভিলের মন্তব‍্য) ব‍্যক্তিগত নয়। খেলোয়াড়দের আমি এটাই ব‍্যাখ‍্যা করার চেষ্টা করি। এটা ব‍্যক্তিগত নয়, এটা একটা অভিমত, যা তিন সপ্তাহের মধ‍্যে পাল্টাতে যাচ্ছে….।” 

“বেনের প্রতি আমার পরামর্শ, তোমার (এতে) অভ্যস্ত হয়ে যেতে হবে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে… এটা প্রক্রিয়ার অংশ এবং আমরা তাকে সহায়তা করতে যাচ্ছি। আমরা বেনকে সুরক্ষা দেব কারণ, সে কঠোর পরিশ্রম করে। আমরা চাই সে সফল হোক।”