১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোনালদো, লুকাকু, দি মারিয়ার পরই গার্নাচো

আলেহান্দ্রো গার্নাচোকে ৪ কোটি পাউন্ডে চেলসিতে ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

আলেহান্দ্রো গার্নাচোর অস্বস্তিময় সময় আর টানাপোড়েনের সমাপ্তি হতে চলেছে। আর্জেন্টাইন উইঙ্গারকে চেলসিতে ছেড়ে দিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে সূত্রের বরাত দিয়ে চুক্তির খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৪ কোটি পাউন্ডে চেলসিতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। দলবদলে তার চেয়ে বেশি মূল্যে আর স্রেফ তিনজন ফুটবলারকে ছাড়তে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড- ক্রিস্তিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু ও আনহেল দি মারিয়া। 

গার্নাচোর জন্ম ও বেড়ে ওঠা মাদ্রিদে। তার বাবা স্প্যানিশ, মা আর্জেন্টাইন। ১১ বছর বয়সে গেতাফের একাডেমিতে পা রেখে তার ফুটবলার হওয়ার পথে যাত্রা শুরু। তবে ওই বছরই তিনি চলে যান আতলেতিকো মাদ্রিদের একাডেমিতে। সেখানে বছর পাঁচেক থেকে ২০২০ সালে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবটির যুব দল হয়ে মূল দলে তার অভিষেক ২০২২ সালে।

তবে মূল দলে থিতু হতে পেরেছেন কম সময়ই। হুবেন অ্যামুরি কোচ হয়ে আসার পর তার সুযোগ সীমিত হয়ে আসে আরও। এই মৌসুমে তো তাকে স্কোয়াডের বাইরেই রেখেছেন কোচ। 

সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১৬টি। 

জাতীয় দল হিসেবে তিনি বেছে নিয়েছেন মায়ের দেশ আর্জেন্টিনাকে।