০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড ৭২ হাজার দর্শকের সামনে মেসির ‘৮৯৯’

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণেই ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল অন্য মাঠে, সেখানে রেকর্ড দর্শকের সামনে গোল করে মাইলফলকের আরেক ধাপ কাছে পৌঁছে গেলেন আর্জেন্টাইন জাদুকর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

লিওনেল মেসিকে ঘিরে আগ্রহের কারণে ম্যাচ অন্য মাঠে সরিয়ে নেওয়া ও দর্শকের রেকর্ড এখন মেজর লিগ সকারে মোটামুটি নিয়মিত দৃশ্য। এবার ডি.সি. ইউনাইটেড স্বাক্ষী হলো সেই উন্মাদনার। রেকর্ড দর্শকের সামনে আর্জেন্টাইন জাদুকর দেখালেন নিজের ঝলক। তার সঙ্গে আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পলের গোলে ম্যাচ জিতল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে ডি.সি. ইউনাইটেডকে ২-১ গোলে হারাল ইন্টার মায়ামি। ম্যাচের ১৭তম মিনিটে গোল করেন দে পল, ২৭তম মিনিটে মেসি। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ডি.সি.।

হার দিয়ে লিগ শুরুর পর মায়ামির এটি টানা দ্বিতীয় জয়। 

আগের ম্যাচে দুটি গোল করা মেসি এই ম্যাচের এক গোলে আরেক ধাপ এগিয়ে গেলেন ৯০০ গোলের দিকে। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮৯৯। 

ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মায়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তিনি ফিট থাকায় ম্যাচের আবেদন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়। নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে।

যে কারণে এই পরিবর্তন, তা সফলও হয়। আনুষ্ঠনিক হিসেবে দর্শক ছিলেন এ দিন ৭২ হাজার ২৬ জন। ডি.সি. ইউনাইটেডের ঘরের ম্যাচে দর্শকের আগের রেকর্ড ছিল আরএফকে স্টেডিয়ামে ১৯৯৭ সালে ৫৭ হাজার ৪৩১ জন।

গ্যালারি ঠাসা দর্শকের সামনে সপ্তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় ইন্টার মায়ামি। তবে দে পলের শটে জোর ছিল না, গোলকিপারের বেগ পেতে হয়নি বল ধরতে। মিনিট দশেক পর গোলকিপারকে কোনো সুযোগই দেননি তিনি। 

ডি.সি. ইউনাইটেডের বক্সে প্রতিপক্ষের একজনের পা থেকে আচমকা বল ছোবল দিয়ে কেড়ে নিয়ে তেলাস্কো সেগোভিয়ার কাছে বাড়ান হার্মান বের্তেরামে। সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে জোড়াল কোনাকুনি শটে বল জালে জড়ান ৩১ বছর বয়সী তারকা।

এর ১০ মিনিট পর মেসির গোল। সেখানে বড় কৃতিত্ব মাতেও সিলভেতির। ২০ বছর বয়সী আর্জেন্টাইন এই উইঙ্গার ডি.সি. ইউনাইটেডের রক্ষণভাগকে বোকা বানিয়ে বুদ্ধিদীপ্তভাবে বল বাড়ান বক্সে। মেসি ছুটে গিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে চমৎকার পিচে বল পাঠিয়ে দেন জালে।

৩৮তম মিনিটে আরেকবার গোলের খুব কাছাকাছি যান মেসি। এবার একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে কয়েকজনকে কাটিয়ে আচমকা শট নেন বক্সের বাইরে থেকে। বল বাইরে চলে যায় প্রায় বার ঘেঁষে।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জোর চেষ্টা করে ডি.সি. ইউনাইটেড। ৬০ মিনিটের পর থেকে আক্রমণের ধার বাড়ে তাদের। একটি গোল শোধ করতে পারে তারা ৭৫তম মিনিটে। এরপর আর সেভাবে গোছানো আক্রমণ তারা করতে পারেননি।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ে আরেকবার গোলের সুবাস পেয়েছিলেন মেসি। তবে খুব কাছ থেকে নেওয়া তার শট দারুণভাবে ফিরিয়ে দেন ডি.সি. ইউনাইটেডের গোলকিপার শন জনসন। 

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি এখন আছে পয়েন্ট তালিকার চারে।