১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসি-আলভারেসের গোলে জাম্বিয়াকে সহজেই হারাল আর্জেন্টিনা

ঘরের মাঠে নিজের শেষ ম‍্যাচে জালের দেখা পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

মেসি-আলভারেসের গোলে জাম্বিয়াকে সহজেই হারাল আর্জেন্টিনা
৫-০ গোলের সহজ জয় পেল আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 02:48 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

খেলায় উন্নতি দেখতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি। জাম্বিয়ার বিপক্ষে খেলায় সেটা আর্জেন্টিনা কোচকে দেখালেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেসরা। শুরু থেকে শেষ পর্যন্ত জাম্বিয়াকে প্রবল চাপে রেখে দলকে সহজ জয় এনে দিলেন তারা। 

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় বুধবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়ান মেসি। আর্জেন্টিনায় নিজের শেষ ম‍্যাচে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। ম‍্যাচের অন্তিত সময়ে জালের দেখা পান তরুণ মিডফিল্ডার ভালেন্তিন বার্কো। অন‍্য গোলটি আত্মঘাতী।

শুরুতেই গোল হজমের পর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে জাম্বিয়া। বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। তবে লম্বা সময় তাদের ঠেকিয়ে রাখে আফ্রিকার দলটি।

৪১তম মিনিটে মেসির চমৎকার পাসে সুযোগ পান আলভারেস। কিন্তু না তিনি ঠিকঠাক গোলের জন‍্য শট নেন, না কোনো সতীর্থকে লক্ষ‍্য করে ক্রস করেন। নষ্ট হয় দারুণ সুযোগ।

শুরুর একাদশে ফেরা মেসি ৪৪তম মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান বাড়ান। ডি বক্সে বল পেয়ে পায়ের কারিকুরিতে ঘিরে থাকা খেলোয়াড়দের এড়িয়ে খুঁজে নেন আলেক্সিস মাক আলিস্তেরকে। বল ফিরে পেয়ে চমৎকার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন আর্জেন্টিনা অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবলে এটি মেসির ১১৬তম গোল। ১৪৩ গোল করে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

বিরতির পরপরই স্কোরলাইন ৩-০ করেন ওতামেন্দি। ডি বক্সে থিয়াগো আলমাদা ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিজে শট না নিয়ে দীর্ঘ দিনের সতীর্থ ওতামেন্দিকে শট নিতে দেন মেসি। ৫০তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে দেশের হয়ে নিজের অষ্টম গোলটি করেন অভিজ্ঞ ডিফেন্ডার।

৬৫তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন এনসো ফের্নান্দেস। চেলসি মিডফিল্ডারের বাঁকানো গতিময় শট ঝাঁপিয়ে ফেরান জাম্বিয়া গোলরক্ষক।

দুই মিনিট পরেই ব‍্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। আলমাদার শট ঠেকানোর চেষ্টায় বা বাড়িয়ে দিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ডমিনিক চান্ডা।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান বার্কো। নিকো গন্সালেসের ফ্লিকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে অনায়াসে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। ম‍্যাচের সমাপ্তিও হয় সেখানে।