Published : 04 Dec 2025, 04:14 PM
লিডস ইউনাইটেডের বিপক্ষে হেরে বেজায় চটেছেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। কড়া সমালোচনা করেছেন খেলোয়াড়দের। কোচের মতে, এই ম্যাচে তার দল ইতিবাচক কিছুই করতে পারেনি এবং হারই তার দলের প্রাপ্য।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার লিডসের বিপক্ষে ৩-১ গোলে হারে চেলসি। ১০ জন নিয়েও আর্সেনালের বিপক্ষে ১-১ ড্র করার তিন দিন পর এই ধাক্কা খেল মারেস্কার দল।
১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে চেলসি। ম্যাচ শেষে মারেস্কার কণ্ঠে শোনা গেল কেবল হতাশা আর ক্ষোভ।
“খুব বাজে এক রাত। এই ম্যাচে ওদের (লিডস) জয় প্রাপ্য ছিল, সব দিক থেকেই ওরা আমাদের চেয়ে ভালো ছিল।”
বিরতির সময়ে ২-০ গোলে এগিয়ে ছিল লিডস। পেদ্রো নেতো ৫০তম মিনিটে ব্যবধান কমালেও, রক্ষণের ভুলে ফের গোল হজম করে চেলসি। এই ম্যাচ দ্রুত ভুলে যেতে চান মারেস্কা।
“এই ম্যাচে এমন কিছু নেই, যা আমরা নিতে পারি। একমাত্র যা করতে পারি সেটা হলো, আমরা যে ভুলগুলো করেছি সেগুলো বোঝার চেষ্টা করা। সবকিছু ঠিকঠাক করে নেওয়া, কারণ ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের আরও একটি ম্যাচ আছে।”