২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ

রাউন্ড রবিন লিগে নেপালকে দুই ম্যাচেই হারাল মাহবুবুর রহমান লিটুর দল।

প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ
নেপালকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে দুই গোলদাতা থুইনুই মারমা (বামে) ও সুরভী আকন্দ প্রীতি। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 05:18 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

প্রথম গোলের অপেক্ষা ফুরালো আধ ঘণ্টারও বেশি সময় পর। এরপর হ্যাটট্রিকের আলো ছড়ালেন সুরভী আকন্দ প্রীতি। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে আবারও হারাল বাংলাদেশ।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায় নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল মাহবুবুর রহমান লিটুর দল।

উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নিশপের তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরুর পর ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

চার ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ফিরতি দেখায় আগামী শুক্রবার ভুটানের মুখোমুখি হবে।

নেপালের বিপক্ষে শুরু থেকে আধিপত্য করে ৩৭তম মিনিটে ডেডলক ভাঙেন থুইনুই মারমা। সতীর্থের পাস পেয়ে আরেক জনকে বাড়াতে গিয়েছিলেন থুইনুই, কিন্তু বল নেপালের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে তার কাছেই। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে গতিতে তিন জনকে পেছনে ফেলে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

এই গোলের রেশ থাকতেই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের পাস সামঝানা চান্দ ধরতে ব্যর্থ হলে নিয়ন্ত্রণে নেন পাশে থাকা মামনি চাকমা। এই মিডফিল্ডারের থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাম পায়ের শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন প্রীতি।

বিরতির আগে ব্যবধান কমায় নেপাল। বক্সের বাইরে থেকে দৌড়ে এসে জোরালো শটে ইয়ারজান বেগমকে পরাস্ত করেন ভূমিকা বুদাথোকি। 

দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য থাকে বাংলাদেশের মেয়েদের। ৭১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। কর্নার থেকে দূরের পোস্টে বল পেয়ে প্রীতি নিখুঁত ট্যাপে জালে জড়ান। এর একটু পর শুরু হয় ভারী বৃষ্টি।

বৃষ্টি ভেজা মাঠে অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ৮৬তম মিনিটে পুর্ণিমা মারমার আড়াআড়ি ক্রস অনায়াসে জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন প্রীতি।