২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

লিগ টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান আরও বাড়াল হান্সি ফ্লিকের দল।

শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
জয়সূচক গোলদাতা রোনাল্দ আরাউহোকে ঘিরে বার্সেলোনার উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 08:12 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

অনেকটা সময় ঘর সামলাতে ব্যস্ত থাকা রায়ো ভাইয়েকানো শেষ দিকে একটি গোলের আশায় মরিয়া চেষ্টা চালাল। তবে দারুণ দৃঢ়তায় ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে মাঠ ছাড়ল বার্সেলোনা।

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। তাদের জয়ের নায়ক রোনাল্দ আরাউহো প্রথমার্ধেই গোলটি করেন।

গত অগাস্টে এই দলের মাঠেই মৌসুমে প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা, ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভাইয়েকানো, তবে কোনো ভুল করেনি হান্সি ফ্লিকের দল।

২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ফিরতি লড়াইয়ে ২৪তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউহো।

প্রথমার্ধে গোলের জন্য ৯টি শট নেওয়া বার্সেলোনা বিরতির পরও শুরুর দিকে চাপ ধরে রাখে। এই অর্ধের প্রথম ২০ মিনিটে আরও ছয়টি শট নিলেও, একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

শেষ ১০ মিনিটে পাল্টা আক্রমণে ভালো কয়েকটি আক্রমণ করে ভাইয়েকানো। কিন্তু জালে বল পাঠাতে আর পারেনি তারা। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

আসরে একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ভাইয়েকানো।