Published : 08 Dec 2025, 09:10 PM
চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ চার ম্যাচের তিনটিতে বড় ব্যবধানে হার। ঘরোয়া লিগে সবশেষ ম্যাচে ছয় গোলের পরাজয়। সব মিলিয়ে ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবু জার্মান দলটিকে নিয়ে সতর্ক বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার মতে, বুন্ডেসলিগার দলটি যেকোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গালাতাসারাইয়ের বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে এবারের আসর শুরু করে করে ফ্রাঙ্কফুর্ট। কিন্তু এরপর পথ হারিয়ে ফেলে তারা, পরের চার ম্যাচে আর জয়ের দেখা পায়নি। আতলেতিকো মাদ্রিদ ও লিভারপুলের বিপক্ষে হেরেছে ৫-১ গোলে, ৩-০ গোলে আতালান্তার বিপক্ষে। এছাড়া গোলশূন্য ড্র করেছে নাপোলির সঙ্গে।
প্রাথমিক পর্বের পয়েন্ট তালিকায় ফ্রাঙ্কফুর্ট আছে ২৮ নম্বরে। বুন্ডেসলিগায় সবশেষ ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া দলটি এখানে আছে সাত নম্বরে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাও ভালো অবস্থানে নেই। জয় দিয়ে শুরু করলেও, পরের চার ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছে কেবল একটিতে, দুটিতে হেরেছে, ড্র হয়েছে একটি। সবশেষ ম্যাচে চেলসির মাঠে হেরেছে ৩-০ গোলে। পয়েন্ট তালিকায় স্প্যানিশ দলটি আছে ১৮ নম্বরে।
তবে লা লিগায় দারুণ ছন্দে এগিয়ে চলেছে ফ্লিকের দল, জিতেছে সবশেষ ছয় ম্যাচের সবকটিতে। রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে শিরোপাধারীরা।
নতুন রূপের কাম্প নউয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় কয়েকবার ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হওয়া ফ্লিক সোমবার সংবাদ সম্মেলনে বলেন, তিন পয়েন্ট পেতে হলে সেরাটাই খেলতে হবে তাদের।
“ওদের সবশেষ ম্যাচ ভালো কাটেনি, তবে আমি জানি তারা বিপজ্জনক হতে পারে। তরুণ ও দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে আইনট্রাখট দারুণ একটি দল। তারা বিভিন্ন কন্ডিশনে খাপ খাইয়ে নিতে পারে। আমাদের সেরাটা খেলতে হবে। যদি আমরা তা পারি, তাহলে তিন পয়েন্ট পাওয়ার কাছাকাছি থাকব।”
দলটির বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের স্মৃতি সুখকর নয় বার্সেলোনার। ২০২১-২২ ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগ ১-১ ড্রয়ের পর, ফিরতি দেখায় এই কাম্প নউয়েই তাদেরকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রাঙ্কফুর্ট।