Published : 11 Feb 2026, 07:49 PM
ওল্ড ট্র্যাফোর্ডে হয়ে পড়েছিলেন ব্রাত্য। তবে ধারে প্রথমে অ্যাস্টন ভিলা এবং পরে বার্সেলোনায় যোগ দিয়ে যেন নিজেকে খুঁজে পান মার্কাস র্যাশফোর্ড। কাম্প নউয়ে এখন কোচ হান্সি ফ্লিক তাকে আগামীতেও ধরে রাখতে চান বলে গণমাধ্যমের খবর।
গত বছর জুলাইয়ে এক বছরের ধারের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন র্যাশফোর্ড। লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত তার পারফরম্যান্স বেশ ভালোই। গোল ও অ্যাসিস্টে স্পর্শ করেছেন দুই অঙ্ক।
সবচেয়ে উজ্জ্বল তিনি চ্যাম্পিয়ন্স লিগে; এবারের আসরে আট ম্যাচ খেলে পাঁচটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ১০ গোলের পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেছেন ইংলিশ ফরোয়ার্ড।
বিবিন্ন সময়ে কোচ ফ্লিকের প্রশংসাও পেয়েছেন র্যাশফোর্ড। আগেও মাঝেমধ্যে শোনা গেছে, ২৮ বছর বয়সী এই ফুটবলারকে ধরে রাখতে চায় ইউনাইটেড। চুক্তিপত্রে সেই সুযোগও আছে। সেই শর্তই নাকি এখন কার্যকরের কথা ভাবছে লা লিগা চ্যাম্পিয়নরা।
তবে চুক্তি অনুযায়ী, র্যাশফোর্ডকে কিনতে যে পরিমাণ অর্থ গুণতে হবে, তাতে নাকি একমত নয় বার্সেলোনা। দিয়ারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, শর্ত অনুযায়ী রাশফোর্ডকে পাকাপাকিভাবে পেতে তিন কোটি ইউরো দিতে হবে।
বার্সেলোনা অবশ্য আশায় আছে অঙ্কটা কমানোর। তবে ইউনাইটেড নাকি রাজি নয়। প্রিমিয়ার লিগের ক্লাবটির মতে, র্যাশফোর্ডের জন্য এই অর্থ অনেক কমই।