ইউনাইটেডে থাকতে চাওয়ার আভাস ক্যারিকের
আপাতত চলতি মৌসুম পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পাওয়া মাইকেল ক্যারিক অবশ্য সব ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের হাতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে ওঠা প্রশ্ন এতদিন পাশ কাটিয়ে গেছেন মাইকেল ক্যারিক। কিন্তু এবার মুখ খুললেন তিনি। ইঙ্গিত দিলেন, মৌসুম শেষের পরও ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে চান তিনি।
দলীয় ব্যর্থতা কাঁধে নিয়ে হুবেন অ্যামুরির ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার পর গত ১৩ জানুয়ারি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব নেন ক্যারিক। মাঝের সময় নিজের ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টাই করতেন তিনি।
এমনকি অ্যামুরির মতো ইউনাইটেডের নানা বিষয় নিয়েও গণমাধ্যমের সাথে কথা বলতে খুব একটা আগ্রহী ছিলেন না ক্যারিক। শিরোনাম থেকে দূরে থাকা, স্পর্শকাতর এবং ঘরের বিষয়গুলো ঘরের ভেতরে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতে দেখা গেছে তাকে।
এবার অবশ্য মুখ খুললেন ক্যারিক। ইউনাইটেডের গ্রীষ্মকালীন পরিকল্পনা এবং এর সাথে তিনি কীভাবে সংশ্লিষ্ট থাকবেন- এমন প্রশ্নে সাবেক এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডার সবকিছু ছেড়ে দিলেন সময়ের উপর।
“সত্যি বলতে কোনো কিছুই বদলায়নি। আমি যেটা এখানে করছি, যে দায়িত্ব আমি পেয়েছি, সে বিষয়ে সম্পূর্ণ অবগত। আমরা সফল হতে চাই এবং আমি চাই, মৌসুম শেষেও ক্লাব সাফল্য পাক- সেটা আমার দায়িত্বে হোক বা অন্য কারো।”
“এই পর্যায়ে, আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না এবং আমরা সবাই দেখব কি ঘটে। কিন্তু এটা নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও উন্নত এবং শক্তিশালী দল হিসেবে তৈরির চেষ্টা আমরা করব। অল্প সময়ের মধ্যে পাওয়া ফল এটাকে বদলাবে না।”
ক্যারিকের হাত ধরে ইউনাইটেড অবশ্য দিচ্ছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে জিতেছে তারা। ইউনাইটেডে সোনালি সময় কাটানো ক্যারিক জানালেন, সাবধানে এগোতে চান তিনি।
“যেটা করছি, সেটা আমি ভালোবাসি। এখানে আমি স্বচ্ছন্দে আছি, কিন্তু আমি পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারছি। এ কারণে, আমি তাড়াহুড়ো করতে চাইছি না।”
