Published : 05 Sep 2024, 07:58 PM
প্যারিস অলিম্পিকসের ম্যারাথনে অংশ নেওয়া উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপটেগি মারা গেছেন। সাবেক প্রেমিক তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চার দিন পর বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনুশীলনের জন্য প্রতিবেশী দেশ কেনিয়ায় থাকতেন রেবেকা। সেখানে তার বাড়িতে গত রোববার ঘটে এই ঘটনা। তখন পুলিশ জানিয়েছিল, ৩৩ বছর বয়সী রেবেকার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।
উত্তর-পশ্চিম কেনিয়ার কর্তৃপক্ষ বলেছে, দুই মেয়েকে নিয়ে গির্জা থেকে বাড়ি ফেরার পর রেবেকাকে আক্রমণ করা হয়েছিল।
ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিও আগুনে গুরুতর দগ্ধ হন বলে জানিয়েছিলেন স্থানীয় পুলিশ প্রধান জেরেমিয়াহ ওলে কসিয়ম। দুজনেরই কেনিয়ার এলডোরেটের এক হাসপাতালে চিকিৎসা চলছিল।
কেনিয়ার ট্রান্স এনজোইয়া কাউন্টিতে জমি কিনে একটি বাড়ি করেছিলেন রেবেকা। স্থানীয় এক প্রশাসকের প্রতিবেদনে বলা হয়, দুজনের মধ্যে জমি নিয়ে ঝগড়া চলছিল। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত কয়েক বছরে কেনিয়ায় নারীদের ওপর হামলা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটির একটি জাতীয় সমীক্ষা অনুসারে, ২০২২ সালে অন্তত ৩৪ শতাংশ নারী জানান যে, তারা শারীরিক সহিংসতার শিকার।
২০২১ সালের অক্টোবর থেকে কেনিয়ায় নিহত হওয়া তৃতীয় বড় কোনো ক্রীড়াবিদ হলেন রেবেকা।
গত জুলাই-অগাস্টে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকসে ম্যারাথনে রেবেকা ৪৪তম হয়েছিলেন।