২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রোনালদোকে আটকে রেখে স্মরণীয় কিছুর আশায় চেক প্রজাতন্ত্র

রোনালদোর মতো একজনের বিপক্ষে খেলতে পারা এবং তার বিপক্ষে সফল হতে পারলে আজীবন মনে রাখার মতো ব্যাপার হবে, বললেন চেক প্রজাতন্ত্রের কোচ ইভান হাসেক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:07 AM

Updated : 26 Aug 2026, 09:48 AM

চেক প্রজাতন্ত্রের কোচ হিসেবে এখনও অপরাজিত ইভান হাসেক। দুই দফায় ৯ ম্যাচ দায়িত্বে থেকে হারের অভিজ্ঞতা তার নেই। তবে দশম ম্যাচে তার সামনে বড় পরীক্ষা। প্রতিপক্ষ যে এবার পর্তুগাল!

তারকায় ঠাসা প্রতিপক্ষের প্রতি সবটুকু সম্মান আছে তার, সমীহ আছে তারকাদের তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি। তাই বলে নিজেরা নতজানু নন। মাঠ নেমে লড়াই করতে তারা রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়। চেক প্রজাতন্ত্রের কোচের মতে, রোনালদোকে নিষ্ক্রিয় রাখতে পারলে আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হবে তার দলের সবার। 

‘এফ’ গ্রুপে মঙ্গলবার এই ম্যাচ দিয়েই ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। শক্তি-সামর্থ্যে দুই দলের তুলনাই সেভাবে চলে না। তবে ইউরোর মতো আসরে ফেভারিট তকমাও সবসময় কাজে আসে না। মাঠের ফুটবলে কত চমকপ্রদ কিছুই তো হয়! 

পর্তুগালের শক্তির গভীরতা জানা থাকলেও তাই জয়ের স্বপ্ন দেখছেন চেক প্রজাতন্ত্রের কোচ হাসেক। 

“পর্তুগাল দলের দিকে তাকালে দেখতে পাবেন, তাদের এমন সব ফুটবলার আছে, যারা বিশ্বের সেরা ক্লাবগুলোয় খেলে এবং সেসব ক্লাবে তারাই বড় তারকা। স্বাভাবিকভাবেই পর্তুগাল টুর্নামেন্টের ফেভারিট দলগুলির একটি। তারপরও এই ম্যাচে আমরা যখন যাব, আমরা জানি যে, ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামব।”

পর্তুগালকে হারাতে সবচেয়ে জরুরি কাজগুলির একটি রোনালদোকে থামানো। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার ইউরোতেও সবচেয়ে বেশি গোলের রেকর্ডধারী। ইউরোতে সবচেয়ে বেশি আসরে অংশ নেওয়া, সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি সময় মাঠে থাকা, সবচেয়ে বেশি জয়ের অভিজ্ঞতাও তার। এখন এই ৩৯ বছর বয়সেও যে কোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি তিনিই।

হাসেকও তা জানেন এবং মানেন। রোনালদোর মাপের একজনের বিপক্ষে খেলতে পারাই তার দলের অনেক ফুটবলারদের জন্য দারুণ অভিজ্ঞতা বলে মনে করেন তিনি। ২৫ বছর ধরে কোচিংয়ে থাকা ৬০ বছর বয়সী এই কোচের আশা, রোনালদোর বিপক্ষে লড়াইয়ের উপলক্ষটি আরও স্মরণীয় করে রাখবে তার দল। 

“আমরা রোনালদোকে নিষ্ক্রিয় করে রাখতে চাই। বিশেষ করে, এটা করতে পারলে আমাদের ছেলেদের জন্য তা হবে আজীবন স্মরণীয় হয়ে থাকার মতো ব্যাপার।”  

“রোনালদো সেরা ফুটবলারদের একজন। আমাদের ছেলেরা বলতে পারবে যে তার মতো একজনের বিপক্ষে ওরা খেলতে পেরেছে এবং হয়তো তার বিপক্ষে সফলও হবে। বাকি জীবন মনে রাখার মতো একটা ব্যাপার হবে এটা।”

প্রথম ম্যাচের ফল শেষ পর্যন্ত যেমনই হোক, সেটিকে অবশ্য এখনই খুব গুরুত্বপূর্ণ মনে করছেন না হাসেক। শেষটাই তার কাছে বেশি জরুরি।

“এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি হলো শেষ ম্যাচ। প্রথম ম্যাচ আসলে কোনো কিছুই নির্ধারণ করে দেবে না। আমাদের মনোনীত ২৬ ফুটবলারই প্রস্তুত আছে, সুস্থ ও ফিট আছে এবং মাঠে নামতে তর সইছে না আমাদের।”

“মাঠ দেখলে, এই স্টেডিয়ামগুলোর দিকে তাকালেই বোঝা যায়, অসাধারণ এক ফুটবল টুর্নামেন্ট এটি। সবকিছু শুরু করতে মুখিয়ে আছি আমরা।”