২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ ও অধিনায়ক শোনালেন ফাইনালে ভালো করার আশাবাদ।

ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ
ফাইনালে ভারতের বিপক্ষেও একইভাবে উল্লাস করতে উন্মুখ বাংলাদেশ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে ভারত পেল প্রত্যাশিত জয়। তাতে গতবারের মতো আবারও শিরোপা লড়াইয়ের মঞ্চে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বছর ফাইনালে তাদের কাছে ২-০ গোলে হেরে স্বপ্ন গুঁড়িয়েছিল ছেলেদের। এবার আর স্বপ্ন ভঙ্গের হতাশায় ডুবতে চান না বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

“প্রথমেই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই; আমাদের যে লক্ষ্য, আমরা সেটার খুব কাছাকাছি চলে এসেছি। ছেলেরা তিনটা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ও পরিশ্রম করে ফাইনালে উঠেছে। আমরা আমাদের লক্ষ্য থেকে কিছুটা দুরে আছি। দেশবাসীর কাছে দোয়া চাই, আমরা যেন ফাইনালে লক্ষ্য পূরণ করতে পারি।”

কোচের সুরে সুর মিলিয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও। পাকিস্তানের বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ড ফাইনালেও গ্যালারিতে দেখতে চান সমর্থকদের।

“অনেক অনেক ভালো লাগছে, শুরু থেকে ভালো খেলে দল ফাইনালে ওঠায়। দলের সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে সমর্থন দেওয়ায়। প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের সমর্থকরা যেভাবে সমর্থন দিয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ। এখন আমরা ফাইনালে। ফাইনালেও আমাদেরকে সেভাবে সমর্থন দিয়ে যাবেন, যাতে আমরা ভালো করতে পারি।”