১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে মেসির খেলার জোরাল সম্ভাবনা দেখছেন ওতামেন্দি

তবে সুনির্দিষ্টভাবে মেসির আগামী বিশ্বকাপে খেলার প্রশ্নে, দীর্ঘদিনের সতীর্থের ভাষাতেই নিজের ভাবনা জানালেন ওতামেন্দি।

২০২৬ বিশ্বকাপে মেসির খেলার জোরাল সম্ভাবনা দেখছেন ওতামেন্দি
লিওনেল মেসির নেতৃত্বেই আগামী বিশ্বকাপে খেলার আশায় আছে আর্জেন্টিনা দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

দিন যত গড়াচ্ছে, ততই যেন আগামী বিশ্বকাপে ‘লিওনেল মেসি খেলবেন কি-না’ প্রশ্নটা আরও বেশি জোরাল হচ্ছে। তার জাতীয় দল সতীর্থ নিকোলাস ওতামেন্দির মনে অবশ্য এই বিষয়ে কোনো দ্বিধা নেই। তিনি প্রায় নিশ্চিত, রেকর্ড ব্যালন দ’র জয়ী তারকা অবশ্যই খেলবেন ২০২৬ বিশ্বকাপে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছর প্রথমবারের মতো বসবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। লাতিন আমেরিকা অঞলের বাছাইপর্ব থেকে ইতোমধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

কিন্তু কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্ব জয়ের নায়ক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেসি এখনও নিশ্চিত করে জানাননি, দলের মুকুট ধরে রাখার অভিযানে তিনি থাকবেন কি-না।

কাতার বিশ্বকাপের পর থেকেই মেসি বলে আসছেন, ক্যারিয়ারের ‘শেষ ধাপে’ এসে বেশি দূরে তাকাতে চান না তিনি। বর্তমানে থেকে ফুটবল উপভোগ করতে চান। তবে আর্জেন্টিনার একটি রেডিওর সঙ্গে আলাপকালে ওতামেন্দি অধিনায়ককে আসছে বিশ্বকাপেও পাওয়ার ব্যাপারে আশার কথা শোনান।

“অবশ্যই, বিশ্বকাপ কাছাকাছি এলে সে (মেসি) তার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার মনে হয় না, মেসি বিশ্বকাপ মিস করবে।”

ইন্টার মায়ামির হয়ে বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটানো মেসি গত মঙ্গলবার ৩৮তম জন্মদিন পালন করেছেন। অধিকাংশ ফুটবলার এই বয়সের আগে বুটজোড়া তুলে রাখেন, কিন্তু মেসি ছুটে চলেছেন। হ্যাঁ, বয়সের ভার পারফরম্যান্সে কিছুটা পড়েছে বটে; তবে ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ায় এখনও তিনি যথেষ্ট কার্যকর।

প্রথমবারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির দল মায়ামি। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লড়বেন মেসি।

২০০৯ সাল থেকে মেসি ও ওতামেন্দি একসঙ্গে জাতীয় দলে খেলছেন। দেশের হয়ে ২০২২ বিশ্বকাপ ছাড়াও তারা জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা।

চলতি ক্লাব বিশ্বকাপে আছেন ওতামেন্দিও। তার দল বেনফিকাও এরই মধ্যে নকআউট পর্বে উঠে গেছে, দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে।

৩৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকও মেসির বারবার বলা কথাটাই যেন বললেন। জানালেন, সবকিছু সময় হলেই পরিষ্কার হয়ে যাবে।

“লিও…ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। এই মুহূর্তে সে সামনে-পেছনে না তাকিয়ে কেবল বর্তমান নিয়ে ভাবছে। ক্লাব বিশ্বকাপ উপভোগ করছে। লড়াই চালিয়ে যাওয়ার দিকেই তার সব মনোযোগ, মাস ধরে এগোচ্ছে এবং দেখতে চায় (সামনে) সে (শারীরিক ও মানসিকভাবে) কেমন অনুভব করে।”

“শারীরিকভাবে কেমন অনুভব করছে, তার ওপর ভিত্তি করেই সে সিদ্ধান্ত নেবে। তবে লিওর থেকে কখনোই প্রতিদ্বন্দিতা করার আকাঙ্ক্ষা, (বিশ্বকাপে) থাকার এবং দলকে সাহায্য করার ইচ্ছা দূর করা যাবে না। এটা তার ডিএনএতে আছে। লিও অন্যরকম।”

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মেসি ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন। মে মাসেও মেজর লিগ সকারের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।