২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্বদেশিকে গুঁড়িয়ে সেমি-ফাইনালে অদম্য সিনার

বছরে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে ইয়ানিক সিনার জয় তুলে নিলেন দুই ঘণ্টায়।

স্বদেশিকে গুঁড়িয়ে সেমি-ফাইনালে অদম্য সিনার
ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি দাপুটে জয়ে সেমি-ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। নিজ দেশের লরেন্সা মুসেত্তিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান তারকা।

দুদিন আগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আলেক্সান্দার বুবলিককে যেভাবে পর্যদুস্ত করেছিলেন সিনার, তারপর ওই প্রতিপক্ষের থেকেই ‘কৃত্তিম বুদ্ধিমত্তার মানুষ’ ট্যাগ পেয়েছিলেন তিনি। এবারের লড়াইয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে অতটা খুনে রুপে দেখা না গেলেও, মুসেত্তির সামনেও র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ছিলেন অপ্রতিরোধ্য।

ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শুরু থেকে কোর্টে আধিপত্য করে ৬-১, ৬-৪, ৬-২ গেমে জয় তুলে নেন সিনার।

পূর্বে অনেক প্রতিযোগিতায় একই সঙ্গে লড়েছেন তারা, তাই একে অপরের শক্তি-দুর্বলতা নিয়ে ভালোভাবে জানেনও, ম্যাচ শেষে সেই কথা বললেন ২৪ বছর বয়সী সিনার।

“আমরা একে অপরকে খুব ভালোভাবে জানি। আমরা একই দেশের, ড্রয়ে অনেক ইতালিয়ান খেলোয়াড় ছিল, তাই এখানে খেলাটা দারুণ ব্যাপার।”  

“অবশ্যই একসঙ্গে ডেভিস কাপে খেলা এবং এমন আরও কিছুর পর, (মুখোমুখি লড়াইয়ের সময়) বন্ধুত্বকে পাশে সরিয়ে রাখতে হয়। তবে ম্যাচ শেষে হাত মেলানো মাত্র সবকিছু ঠিক হয়ে যায়।”

শুরুর সেটেই বিধ্বংসী হয়ে ওঠেন সিনার, টানা প্রথম পাঁচটি গেম জিতে এগিয়ে যান তিনি। এই সময়ে কেবল পাঁচটি পয়েন্ট নিতে পারেন মুসেত্তি। এরপর তিনি একটি গেম জিতলেও সেটের লড়াইয়ে প্রাণ ফেরাতে পারেননি। মাত্র ২৭ মিনিটেই সেটটি জিতে যান সিনার।

দ্বিতীয় সেটে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বর খেলোয়াড় মুসেত্তি কিছুটা চ্যালেঞ্জ জানালেও, উল্লেখযোগ্য কোনো ব্যবধান গড়তে পারেননি। দুই ঘণ্টাতেই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেন সিনার।

ক্যারিয়ারে যে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সিনার, তার দুটিই এই বছরে, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। এই বছরে কেবল দুজন তাকে হারাতে পেরেছে। চলতি আসরেও দাপট ধরে রেখেই এগিয়ে যাচ্ছেন তিনি, এখন পর্যন্ত হেরেছেন মাত্র একটি সেট।

ফাইনালে ওঠার লড়াইয়ে সিনার লড়বেন কানাডার ফেলিক্স ওজি-আলিয়াসসিমের বিপক্ষে।