১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আতলেতিকোর বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়, তবে আত্মবিশ্বাসী ওলমো

১০ দিনের মধ্যে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে তিনটি ম্যাচ, সামনের এই রোমাঞ্চকর অধ্যায় নিয়ে দারুণ রোমাঞ্চিতও বার্সেলোনা মিডফিল্ডার।

আতলেতিকোর বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়, তবে আত্মবিশ্বাসী ওলমো
দানি ওলমো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই মৌসুম ধরে বেশ ভুগতে হচ্ছে বার্সেলোনাকে। চলতি মৌসুমে যেমন তাদের বিপক্ষে হেরেই শেষ হয়ে গেছে তাদের কোপা দেল রের শিরোপা ধরে রাখার আশা। একই দলের বিপক্ষে লড়তে হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালেও। তবে আগের ব্যর্থতা নিয়ে না ভেবে, সামনের লড়াইয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দানি ওলমো।

চলতি মৌসুমে লিগে প্রথম দেখায় ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা। তবে, গত ফেব্রুয়ারিতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মাদ্রিদের ক্লাবটির মাঠে গিয়ে ৪-০ গোলে বিধ্বস্ত হয় কাতালান ক্লাবটি। ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ৩-০ ব্যবধানে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় তারা।

ওই কষ্টে প্রলেপ দেওয়ার সুযোগ অবশ্য সামনেই পেয়ে যাচ্ছে তারা। আগামী মাসের প্রথমার্ধেই দলটির বিপক্ষে তিনবার দেখা হবে বার্সেলোনার; ৪ এপ্রিল লা লিগায় ফিরতি লেগের পর, সপ্তাহের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে দুই লেগে মুখোমুখি হবে তারা, ইউরোপ সেরার মঞ্চে ম্যাচ দুটি হবে ৮ ও ১৪ এপ্রিল।

দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে লড়াইগুলো যে ভীষণ কঠিন হবে, তা ভালো করেই জানেন ওলমো। দুই মৌসুম ধরে অভিজ্ঞতার আলোকে বার্সেলোনা ইউটিউবে সেই কথাই বললেন তিনি। শোনালেন জয়ের আশাবাদ।

“এমন কিছুই আমরা ভেবেছিলাম। গতবারও আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং আমরা জানি (আসছে লড়াইয়ে) জিততেই হবে, এর মাঝামাঝি বলে কিছু নেই। যদি আমাদের সেরাটা মেলে ধরতে পারি, তাহলে আমরা জিততে পারব।”

গত মৌসুমে লিগে বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়ে দিয়েছিল আতলেতিকো। পরে ফিরতি দেখায় ৪-২ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় হান্সি ফ্লিকের দল।

তাদের এবারের মুখোমুখি লড়াইটাও শিরোপা লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

২৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল।

২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারেয়াল। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো।