১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিমুর লেস্তেকে হারিয়ে বাছাই শুরু বাংলাদেশের

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে চালকের আসনে বসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

তিমুর লেস্তেকে হারিয়ে বাছাই শুরু বাংলাদেশের
তিমুর লেস্তের জালে গোলের পর মানিক-ফয়সালদের উল্লাহ। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 02:24 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

তিমুর লেস্তের প্রতিরোধের দেয়ালে চিড় ধরল একাদশ মিনিটে। হেডে বাংলাদেশকে এগিয়ে নিলেন রিফাত কাজী। বিরতি আগে আরও দুই গোলে ব্যবধানে বাড়াল দল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোলে বড় জয় নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুভসূচনা করল গোলাম রব্বানী ছোটনের দল।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে (Tongliang Long Stadium) শনিবার তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন মোহাম্মদ মানিক। বাকি তিন গোলদাতা রিফাত, বায়েজিদ বোস্তামি ও আকাশ আহম্মেদ।

‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার দল মুখোমুখি হবে ব্রুনেইয়ের।

একাদশ মিনিটে মোহাম্মদ মানিকের ক্রস খুঁজে পায় বাঁ দিকে থাকা রিফাত কাজীকে, নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন তিনি। ২৮তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকের পর মানিকের শটে ব্যবধান হয় দ্বিগুণ।

বিরতির আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। জটলার ভেতর থেকে মানিকের শট খুঁজে পায় জাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আজাদের পাস ধরে বায়েজিদ বোস্তামি স্কোরলাইন করেন ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে আকাশ দূরপাল্লার শটে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়।