১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জর্ডান সফরের দলে ৩টি পরিবর্তন এনে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ

বড় পরিবর্তন এসেছে গোলরক্ষকের তালিকায় এবং রক্ষণে শক্তি বাড়াতে একজন মিডফিল্ডার কমিয়েছেন কোচ।

জর্ডান সফরের দলে ৩টি পরিবর্তন এনে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ
অনুশীলনে বাংলাদেশ দল। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

জর্ডান সফরের প্রস্তুতিপর্বে আশানুরূপ পারফরম্যান্সের পর এবার ‘মূল লড়াইয়ে’ নামার পালা। সেই স্কোয়াডে তিনটি পরিবর্তন এনে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।

এই বাছাইপর্ব শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের লড়াই শুরু হবে আগামী রোববার। সেদিনই বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু বাংলাদেশের।

এজন্য মঙ্গলবার রাতেই মিয়ানমার সফরে যাত্রা করার কথা বাংলাদেশ দলের। আর এদিনই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাটলার।

বাদ পড়েছেন দুই গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় ডাক পেয়েছেন গোলরক্ষক মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন। 

এই বাছাইয়ের জন্য দলকে প্রস্তুত করে তুলতে গত মাসে জর্ডান সফরে যায় বাংলাদেশ দল। সেখানে দুই শক্তিশালী প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বাটলারের দল।

এবার বাছাইয়েও বাংলাদেশের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮, যেখানে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাহরাইন আছে ৯২ নম্বরে।

গ্রুপের অন্য দুই দল মিয়ানমার ও তুর্কমেনিস্তান। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২ জুলাই হয়তো সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ, সেদিন খেলবে র‌্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা মিয়ানমারের বিপক্ষে। আর ১৪১ নম্বর দল তুর্কমেনিস্তানের বিপক্ষে বাটলারের দল খেলবে আগামী ৫ জুলাই।

২৩ জনের বাংলাদেশ দল:

‎গোলরক্ষক: ‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল 

‎ডিফেন্ডার: ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন ‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার 

ফরোয়ার্ড: ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, সুরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।