১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্লোভাকিয়ার বিপক্ষে হেরে ঐক্যের ডাক দিলেন রুডিগার

জার্মানির অভিজ্ঞ এই ডিফেন্ডার মনে করেন, কেবল একতাবদ্ধ হলেই তারা সাফল্যের পথে ফিরতে পারবেন।

স্লোভাকিয়ার বিপক্ষে হেরে ঐক্যের ডাক দিলেন রুডিগার
প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকানোর চেষ্টায় আন্টোনিও রুডিগার (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ইতিহাসে জার্মানির প্রথম হারের পেছনে কেউ কেউ আন্টোনিও রুডিগারের দায় দেখছেন। স্লোভাকিয়ার দুটি গোলের পেছনেই ছিল তার মারাত্মক ভুলের ভূমিকা। ঘুরে দাঁড়াতে ড্রেসিংরুমে তিনি সতীর্থদের দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার তাগিদ। 

ব্রাতিস্লাভায় বৃহস্পতিবার রাতে ২-০ ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে জার্মানি। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা। বাছাইয়ে ১০৪তম ম্যাচে এটি জার্মানির চতুর্থ হার। প্রতিযোগিতামূলক ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি টানা তৃতীয় হার। 

ম্যাচে খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ নাগেলসমান। ফুঁসছেন ফুটবলাররাও। বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে রুডিগার ড্রেসিংরুমে ব্যক্তিগতভাবে সতীর্থদের সঙ্গে কথা বলেন। এতে তিনি একতায় জোর দিয়েছেন।

“আমাদের এখন অবশ্যই দল হিসেবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকেই আমরা এই অবস্থা থেকে বের হতে পারব। কেবল আমরাই আমাদের সাহায্য করতে পারি, আর কেউ নয়। আমরা এটা করতে পারব কেবল একাত্মতার সঙ্গে।”

স্টুটগার্ড ডিফেন্ডার মাক্সিমিলিয়ান মিটেলস্টেডের কণ্ঠেও শোনা গেল একই সুর।

“অবশ্যই কোচ দলের সঙ্গে কথা বলেছেন। টনি রুডিগারও দলের সঙ্গে কথা বলেছেন। যদিও আমি মনে করি না, এখানে অনেক কিছু বলা প্রয়োজন। হ্যাঁ, আমরা সবাই জানি, আমরা ভালো খেলিনি। তবে অতীতেও আমরা দেখিয়েছি যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি।” 

ঘুরে দাঁড়ানোর সুযোগ শিগগিরই পাচ্ছে জার্মানি। গ্রুপ ‘এ’-তে পরের ম্যাচে আগামী রোববার নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।