Published : 28 Aug 2024, 01:42 PM
আলিসন বেকার ও কুইভিন কেলেহার এখনও ভালোভাবেই আছেন দলে। তবে ভবিষ্যতে যদি তারা কেউ ক্লাব ছেড়ে যান কিংবা পারফরম্যান্সে অবনতি হয়, সেজন্য সম্ভাব্য একজন বিকল্প চূড়ান্ত করে ফেলল লিভারপুল। ভালেন্সিয়া থেকে জিওর্জি মামারদাশভিলিকে দলে আনতে যাচ্ছে ক্লাবটি।
এবারের ইউরোতে জর্জিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মামারদাশভিলি আগামী মৌসুমের আগে যোগ দেবেন লিভারপুলে। এই মৌসুম তিনি কাটাবেন এখনকার ক্লাব ভালেন্সিয়াতেই।
তার চুক্তির আর্থিক ব্যাপারটি খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ৩ কোটি পাউন্ডে ২৩ বছর বয়সী এই গোলকিপারকে দলে নিয়েছে লিভারপুল।
আলিসনর বয়স এখন ৩১। গোলকিপারদের জন্য খুব বেশি নয় মোটেও। তবে তার পারফরম্যান্সে ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে প্রায়ই। বিশেষ করে, গত দুই বছরে বেশ কিছু ভুল তিনি করেছেন গুরুত্বপূর্ণ ম্যাচে। কেলেহার নানা সময়ে প্রতিভার ঝলক দেখিয়েছেন। তবে ২৫ বছর বয়সী আইরিশ গোলকিপার এখনও পরীক্ষিত নন। ইএসপিএনের খবর, ভবিষ্যৎ ভেবেই মামারদাশভিলিক দলে আনছে লিভারপুল।
আর্না স্লট কোচ হয়ে আসার পর এই প্রথম কোনো ফুটবলারকে দলে নেওয়ার চুক্তি করল লিভারপুল।
এবারে ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচে ২১টি সেভ করে নজর কেড়েছিলেন মামারদাশভিলি, টুর্নামেন্টের ইতিহাসে যা যৌথভাবে সর্বোচ্চ।
ভালেন্সিয়ার হয়ে তিনি খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে ১০২টি ম্যাচ।