Published : 06 Mar 2026, 05:59 PM
চোটের ছোবলে রক্ষণে দীর্ঘ ভোগান্তির পর, এখন আক্রমণভাগ নিয়ে সমস্যায় পড়েছে রেয়াল মাদ্রিদ। এখনও সেরে উঠতে পারেননি কিলিয়ান এমবাপে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন রদ্রিগো। তাই দল সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ আলভারো আরবেলোয়া। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের জন্য স্রেফ তিন জন ফরোয়ার্ড নিয়ে স্কোয়াড সাজিয়েছেন তিনি।
সেল্তা ভিগোর মাঠে শুক্রবারের লা লিগার ম্যাচটির জন্য রেয়ালের ঘোষিত দলে ফরোয়ার্ডরা হলেন- ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়র, স্প্যানিশ তরুণ গন্সালো গার্সিয়া ও মরক্কোর ব্রাহিম দিয়াস।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচের দলে নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
হাঁটুর সমস্যায় ভুগছেন এমবাপে। এই কারণে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে তাকে পায়নি রেয়াল। গেতাফের বিপক্ষে লা লিগার সবশেষ ম্যাচেও খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।
আর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মৌসুম শেষ হয়ে গেছে রদ্রিগোর। এই ফরোয়ার্ডকে জুন-জুলাইয়ের বিশ্বকাপেও পাবে না ব্রাজিল।
লিগে সবশেষ দুই ম্যাচে হেরে গেছে রেয়াল। যার ফলে এক পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি এখন বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে। ২৬ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট মাদ্রিদের ক্লাবটির।