Published : 14 Aug 2026, 04:44 PM
দলে নতুন আসা ফুটবলারদের নিয়ে উচ্ছ্বসিত মাইকেল ক্যারিক। তবে এখনই তিনি তৃপ্ত নন। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বলছেন, দলবদলের শেষ সময়সীমার আগে আরও ফুটবলার দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যেতে হবে তাদের।
নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও পর্যন্ত দলে যোগ করেছে দুজন মিডফিল্ডারকে। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা বেলজিয়ান ফুটবলার ইউরি টিলেমান্সকে দলে নিয়েছে তারা অ্যাস্টন ভিলা থেকে, চেলসি থেকে এনেছে ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান আন্দ্রেই সান্তোসকে। দুজনকে পেতে তাদের খরচ হয়েছে সাড়ে ৮ কোটি পাউন্ড।
দলবদলের সময় শেষ হতে বাকি নেই আর তিন সপ্তাহ। আয়ারল্যান্ডের প্রাক-মৌসুম প্রস্তুতি শিবিরে এক সাক্ষাৎকারে ক্যারিক বললেন, দলে আরও নতুন ফুটবলার লাগবে তার।
“প্রথমত এবং সবকিছুর আগে, যে ফুটবলারদের আমরা দলে এনেছি, তাদের নিয়ে আমরা আনন্দিত। আমি মনে করি, আমরা দলটিকে উন্নত করেছি, আমরা বিভিন্ন উপায়ে স্কোয়াডকে উন্নত করেছি - ভারসাম্য, গুণমান এবং আমরা যে দিকে যেতে চাই। আমরা সত্যিই ভালো কাজ করেছি এবং আমরা কজন সেরা ফুটবলার পেয়েছি। তাই আমরা খুশি।
তবে আমরা সবসময় উন্নতি করতে চাই, আমরা আরও চাই, আমাদের আরও প্রয়োজন এবং আমরা কীভাবে তা করতে পারি, তা ক্রমাগত খুঁজতে থাকি। এটি কখনও থামে না। আমরা এ ব্যাপারে সচেতন এবং আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।”
নিউক্যাসলের লুইস হলসহ একজন নতুন লেফট-ব্যাক দলে নেওয়ার জন্য ইউনাইটেডের আগ্রহের গুঞ্জন জোরালোভাবে শোনা যাচ্ছে। তৃতীয় আরেকজন নতুন মিডফিল্ডারও দলে নেওয়ার কথা তারা ভাবছে বলে আলোচনা আছে।
তবে স্রেফ ফুটবলার নেওয়ার জন্যই নয়, কার্যকর ফুটবলার নিতে চান ইউনাইটেড কোচ।
“এমন এক-দুটি জায়গা আছে, যেখানে আমরা উন্নতি করতে চাই এবং আমরা মনে করি উন্নতির সুযোগও রয়েছে।
তবে আবারও বলছি, এটা এমন কিছু হতে হবে যা আমাদের আরও ভালো করে তুলবে এবং দলের উন্নতি ঘটাবে, সেটা মানের দিক থেকে হোক বা দলে কিছুটা গভীরতা বাড়ানোর দিক থেকে হোক। এটা এমন একটা ব্যাপার, যা আমাদের সামলাতে হবে। এটা খুবই স্পষ্ট।
দলবদলের বাজারে ইউনাইটেডের কর্তারা কত খরচ করতে চাইবেন, সেটিও একটি প্রশ্ন। তবে ক্যারিক ইঙ্গিত দিলেন, আর্সেনাল, লিভারপুর এবং ম্যানচেস্টার সিটির মতো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্লাবকে হয়তো ভিন্ন পথ খুঁজে বের করতে হতে পারে।
“টাকা তো টাকাই, আমি সেটা বুঝি। তবে এখনও সবকিছু ফুটবলকে কেন্দ্র করেই, এবং প্রতিযোগিতাটা সেখানেই। আমরা মনে করি, যা কিছুর সঙ্গেই সম্পৃক্ত থাকি না কেন, আমাদের সেটার জন্যই চেষ্টা চালিয়ে যেতে হবে। সাম্প্রতিক ইতিহাসটা কেমন ছিল, তা কিছুটা বুঝতে হবে এবং বাস্তববাদী হতে হবে, যা একটি নির্দিষ্ট সময় ধরে চলে আসছে।
কিন্তু গত কয়েক মাস থেকে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি এবং লিগে যা অর্জন করেছি, সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং এর পেছনে অনেক কিছুই আছে। কিন্তু পরিস্থিতিটাও তো এমনই, সেটা আর্থিক হোক বা অন্য কিছু। আপাতত, আমাদের এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের চেষ্টাও চালিয়ে যেতে হবে এবং আবারও জেতার জন্য সম্ভাব্য সব সীমায় নিজেদের উজাড় করে দিতে হবে।”