১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

এই হারে হতাশ হলেও কোচ মাইকেল ক‍্যারিক বললেন, তাদের মনোবল ভাঙবে না।

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড
হারের পর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 02:09 AM

Updated : 16 Sep 2026, 12:59 PM

আশার ভেলায় চড়ে হাল সিটির এমকেএম স্টেডিয়ামে পা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মাঠ ছাড়তে হয় তাদের অপ্রত্যাশিত এক হার নিয়ে। এই পরাজয়ে যেন বাস্তবতাও টের পেল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।

নতুন আসরের প্রথম ম্যাচে শনিবার নবাগত হাল সিটির মাঠে ২-০ গোলে হারে মাইকেল ক‍্যারিকের দল। প্রথম ৩৮ মিনিটের মধ্যেই গোল দুটি হজম করে তারা।

গত জানুয়ারিতে হুবেন অ্যামুরির স্থলাভিষিক্ত হওয়ার পর ইউনাইটেডকে পুনরুজ্জীবিত করেন ক্যারিক। আত্মবিশ্বাস হারিয়ে ফেলা একটি দলকে লিগের মাঝামাঝি অবস্থান থেকে টেনে তুলে তৃতীয় স্থানে নিয়ে আসেন তিনি। তার হাত ধরে ইউনাইটেড ১৭টি লিগ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে, যা ওই সময়ের মধ্যে অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

ক্যারিক দলে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসেন। আর ইউরি টিলেমান্স ও আন্দ্রে সান্তোসের মতো নতুন খেলোয়াড়ের আগমনে ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে আশা জাগে যে, ১৩ বছর শিরোপাহীন থাকার পর ইউনাইটেড হয়তো অবশেষে লিগের সেরাদের কাতারে ফেরার জন্য প্রস্তুত।

কিন্তু হাল এক বিকালের জন্য সেই স্বপ্নগুলো যেন চূর্ণবিচূর্ণ করে দিল।

গোটা ম্যাচে ইউনাইটেড প্রায় ৭২ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য শট নেয় ২১টি, কিন্তু কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা।

ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি বিবিসি স্পোর্টকে বলেন, “ওরা তেমন একটা সুযোগই তৈরি করতে পারেনি, এটাই সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার।” 

“যখন সদ্য প্রমোশন পাওয়া কোনো দলের বিপক্ষে খেলেন, তখন পরিস্থিতি সবসময়ই কঠিন হয়। মৌসুমের প্রথম ম্যাচ প্রতিপক্ষের মাঠে, ইউনাইটেডকে দেখে মনে হচ্ছিল তারা এর জন্য প্রস্তুত নয়।”

ম্যাচের পর টিএনটি স্পোর্টসে আলাপে হতাশা লুকাননি কোচ ক্যারিক। তবে এই হার তার দলের মনোবল নাড়িয়ে দেবে না বলেই মনে করেন তিনি।  

“অবশ্যই উন্নতির অনেক সুযোগ রয়েছে। আজকের ম্যাচে আমাদের নিখুঁত হওয়ার কোনো সম্ভাবনাই জাগেনি, কিন্তু পিছিয়ে পড়ে নিজেদের ওপর চাপ সৃষ্টি করলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।

“সুযোগগুলো কাজে লাগানোর বা আরও সুযোগ তৈরি করার মতো সেই স্ফুলিঙ্গটা আমাদের মধ্যে ছিল না। তাই হ্যাঁ, শুনুন, আজকের ফলাফলে আমরা ভীষণ হতাশ, কিন্তু এটা আমাদের মনোবল ভেঙে দেবে না।”