১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো কখনোই সমস্যা ছিল না’

পর্তুগিজ তারকা ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর একপর্যায়ে তখনকার কোচ এরিক টেন হাগের সঙ্গে তার শীতল সম্পর্ক ছিল প্রকাশ্য।

‘ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো কখনোই সমস্যা ছিল না’
যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো (বাঁয়ে) ও এরিক টেন হাগ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদো ও এরিক টেন হাগের সম্পর্ক চুকেবুকে গেছে অনেক আগেই। ওল্ড ট্র্যাফোর্ডে থাকাকালীন এই দুজনের মধ্যে শীতল সম্পর্ক ছিল প্রকাশ্য। যদিও এতদিন পর ডাচ কোচ টেন হাগ বললেন, পর্তুগিজ তারকাকে নিয়ে কোনো সমস্যা ছিল না তার।    

ইউভেন্তুসে তিন মৌসুমের অধ্যায় শেষে ২০২১ সালের অগাস্টে একরকম নাটকীয় দলবদলে ইউনাইটেডে ফেরেন রোনালদো। ইংলিশ ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদের প্রথম মৌসুমটা দলগতভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। 

কিন্তু পরের মৌসুমের শুরুতেই সবকিছু দ্রুত বদল যেতে শুরু করে। শুরুর একাদশে জায়গা হারানোর পাশাপাশি অনেক ম্যাচে বদলি নামারও সুযোগ পাননি রোনালদো। এতে মাঝেমধ্যে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় তাকে। এজন্য পেতে হয় নিষেধাজ্ঞার শাস্তি, গুনতে হয় জরিমানাও।

পরে ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে মনে পুষে থাকা সব ক্ষোভ ঝাড়েন রোনালদো। ক্লাব, এর মালিকপক্ষ ও কোচ টেন হাগের কড়া সমালোচনা করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এর কিছুদিন পরই ২০২২ কাতার বিশ্বকাপ মিশনে রোনালদো জাতীয় দলের সঙ্গে থাকাকালীন তার সঙ্গে চুক্তি বাতিল করার ঘোষণা দেয় ইউনাইটেড।

২০২৪-২৫ মৌসুমে বাজে শুরুর পর গত অক্টোবরে ইউনাইটেড বরখাস্ত করে টেন হাগকে। বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের দায়িত্বে আছেন তিনি। স্ট্যাম্পফোর্ড ব্রিজে প্রীতি ম্যাচে শুক্রবার চেলসির বিপক্ষে দলের ২-০ গোলে হারের পর রোনালদোকে নিয়ে এক প্রশ্নে নিজের অভিমত তুলে ধরেন ডাচ কোচ।

“আমার মতে, সে (রোনালদো) কোনো সমস্যা নয়। সে কখনও সমস্যা ছিল না এবং আমি মনে করি, এসব এখন অতীত… তারপর আমরা ম্যানচেস্টার ইউনাইটেডে দুটি ট্রফি জিতেছি। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই আমি।”

রোনালদো পরে চোখধাঁধানো পারিশ্রমিকে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে। দলটির হয়ে ৪০ বছর বয়সেও দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। গত বৃহস্পতিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে করেছেন হ্যাটট্রিক।