১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কাম্প নউয়ে শ্রমিকের মৃত্যু, পরিবারকে সহায়তা দেবে বার্সেলোনা

স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা এক লাখ পাঁচ হাজারে উন্নীত করার চলমান সংস্কার কাজের সময় ঘটেছে এই দুর্ঘটনা।

কাম্প নউয়ে শ্রমিকের মৃত্যু, পরিবারকে সহায়তা দেবে বার্সেলোনা
তিন বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলছে কাম্প নউয়ে। ফাইল ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 12:31 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নউ স্টেডিয়ামের সংস্কার কাজের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা এক লাখ পাঁচ হাজারে উন্নীত করার চলমান কাজের সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

পরদিন কাতালান ক্লাবটি এক বিবৃতিতে ৫৪ বছর বয়সী ওই শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

“এফসি বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ব্যক্তিগতভাবে পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুরো ক্লাবের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।”

২০২৩ সালের জুনে শুরু হওয়া কাম্প নউয়ের সংস্কার কাজ পুরোপুরি শেষ না হলেও, কয়েক দফা সময় পেছানোর পর ২০২৫ সালের নভেম্বরে হোম ম্যাচ খেলতে স্টেডিয়ামটিতে ফেরে বার্সেলোনা। গত মৌসুমের বাকি অংশে সেখানে ২০ ম্যাচের মধ্যে ১৯টিতেই জেতে তারা। একমাত্র হারটি ছিল গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।