১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেয়ালের হার নয়, নিজের দল নিয়ে ভাবছেন ফ্লিক

রেয়াল বেতিসের বিপক্ষে রেয়াল মাদ্রিদের হার নিয়ে ভাবতে চান না বার্সেলোনা কোচ।

রেয়ালের হার নয়, নিজের দল নিয়ে ভাবছেন ফ্লিক
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 07:41 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

মৌসুমের শুরুতেই রেয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে বার্সেলোনা। তবে রেয়াল বেতিসের বিপক্ষে জুজে মরিনিয়োর দলের হার নিয়ে খুব বেশি ভাবতে চান না হান্সি ফ্লিক। তিনি বরং মনোযোগ দিতে চান ভালেন্সিয়ার বিপক্ষে নিজেদের পরের ম‍্যাচের দিকে। 

বেতিসের মাঠে অসংখ‍্য সুযোগ হারিয়ে ১-০ গোলে হেরেছে রেয়াল। ৪ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে তারা। গত দুই আসরের চ‍্যাম্পিয়ন বার্সেলোনারও পয়েন্ট ৯। 

লা লিগার ম‍্যাচে রোববার ভালেন্সিয়ার মাঠে খেলবে বার্সেলোনা। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। এর আগের দিন ফ্লিকের সংবাদ সম্মেলনে এলো চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালের হারের প্রসঙ্গ। এ নিয়ে প্রশ্নের উত্তর দিয়ে বার্সেলোনা কোচ বললেন, নিজেদের আসন্ন চ‍্যালেঞ্জ নিয়ে।

“রেয়াল মাদ্রিদ ভালো খেলেছে এবং ম‍্যাচ জেতার জন‍্য প্রচুর সুযোগ তৈরি করেছে। আমাদের জন‍্য গুরুত্বপূর্ণ হলো, নিজেদের দিকে মনোযোগ দেওয়া। গরমের জন‍্য (স্থানীয় সময় বেলা) সোয়া চারটায় খেলা কঠিন হবে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখা উচিত হবে না। মেস্তায়ায় খেলা কখনও সহজ নয়।”

টানা পাঁচ ম‍্যাচ ধরে বেতিসের মাঠে জয়হীন রেয়াল। এই সময়ে তিন ম‍্যাচে ড্র করেছে তারা, হেরেছে দুটিতে। শুক্রবার শেষ সময়ে হার এড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপে। পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হন ছন্দে থাকা এই ফরোয়ার্ড।