১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাস্তি ভোগ করতেই হচ্ছে এমবাপে-রুডিগারকে

চার মাস আগে তাদের পাওয়া শাস্তির বিরুদ্ধে রেয়াল মাদ্রিদের করা আপিল খারিজ হয়ে গেছে।

শাস্তি ভোগ করতেই হচ্ছে এমবাপে-রুডিগারকে
আন্টোনিও রুডিগার (বাঁয়ে) ও কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 07:27 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চার মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অসদাচারণের জন্য যে শাস্তি পেয়েছিলেন রেয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়, তার বিরুদ্ধে আপিল করে লাভ হয়নি। কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও দানি সেবাইয়োসকে দেওয়া জরিমানার শাস্তি বহাল রেখেছে উয়েফার আপিল বিভাগ।

ঘটনাটি গত ১২ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদ-রেয়াল মাদ্রিদ ম্যাচে। ওয়ান্দা মেত্রেপলিতানোয় ঘটনাবহুল টাইব্রেকারে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর আতলেতিকোর সমর্থকদের সামনে উদযাপনে বাঁধভাঙা উদযাপন শুরু করেন রেয়ালের খেলোয়াড়রা, যা উয়েফার আইনে ‘আপত্তিকর।’ 

ভিডিও ফুটেজে দেখা যায়, দলটির কয়েকজন খেলোয়াড় নেচে এবং প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন। এ সময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা।

পরে এপ্রিলের শুরুতে ওই ঘটনার জন্য রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপেকে ৩০ হাজার ইউরো ও সেবাইয়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়। শাস্তি বাতিলের জন্য আবেদন করেছিল রেয়াল মাদ্রিদ। তবে শাস্তি বাতিলের কোনো যথার্থ ভিত্তি না থাকায়, ক্লাবটির আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়স্তা সংস্থাটি।

রুডিগার ও এমবাপেকে তখন এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তবে এক বছরের জন্য স্থগিত থাকবে ওই নিষেধাজ্ঞা। 

এক বছরের মধ্যে আবার একইরকম অপরাধ করলে তাদের এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

শিরোপাশূন্য মৌসুমের হতাশা দূর করার লক্ষ্যে এখন ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছে রেয়াল মাদ্রিদ। সেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার পিএসজির মুখোমুখি হবে তারা।