০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অভিষেকে দুই টিনএজারের গোল, বার্সেলোনার জয়

জাপানের ক্লাব ভিসেল কোবেকে হারিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব শুরু করল লা লিগা চ্যাম্পিয়নরা।

অভিষেকে দুই টিনএজারের গোল, বার্সেলোনার জয়
বার্সেলোনার জার্সিতে অভিষেকে গোল করার পর রুনি বার্দগির উদযাপন। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 07:01 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ, খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়াই যেখানে মূল লক্ষ্য। দুই অর্ধে তাই ভিন্ন দুই একাদশ মাঠে নামালেন হান্সি ফ্লিক। গোল করে বার্সেলোনার হয়ে অভিষেক রাঙালেন রুনি বার্দগি ও পেদ্রো ফের্নান্দেস। শেষ দিকের দুই গোলে প্রত্যাশিত জয় পেল লা লিগা চ্যাম্পিয়নরা।

এশিয়া সফরে প্রীতি ম্যাচে রোববার জাপানের ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। 

স্প্যানিশ দলটির প্রথম গোলটি করেন এরিক গার্সিয়া। বদলি নেমে পরের দুটি গোল করেন বার্দগি ও ফের্নান্দেস।

ম্যাচে প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। ভিসেল কোবের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল। 

এই ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে প্রথমবার খেলতে নামেন আরও দুজন- শুরুর একাদশে গোলরক্ষক এরিক গার্সিয়া, দ্বিতীয়ার্ধে নামানো হয় মার্কাস র‍্যাশফোর্ডকে। 

৩৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ভিসেল কোবের খেলোয়াড়রা। জটলার ভেতর থেকে শটে বল জালে পাঠান গার্সিয়া।

২০২৩ সালে ভিসেল কোবের সঙ্গে প্রীতি ম্যাচে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়েও একটি গোল করেছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

নিজেদের ভুলে ৪২তম মিনিটে গোল হজম করে স্প্যানিশ দলটি। মাঝমাঠে ডিফেন্ডার পাউ কুবার্সি বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যায় স্বাগতিকরা। প্রথম দফায় প্রতিপক্ষের শট যদিও ঠেকিয়ে দেন গার্সিয়া। পরে বল জালে পাঠান তাইসেই মিয়াশিরো।

লামিনে ইয়ামাল, রাফিনিয়া, ফেররান তরেস, পেদ্রিদের দ্বিতীয়ার্ধে আর নামাননি বার্সেলোনা কোচ। বদলি নামানো হয় রবের্ত লেভানদোভস্কি, র‍্যাশফোর্ড, দানি ওলমো, বার্দগিদের।

৭৭তম মিনিটে চমৎকার গোলে দলকে এগিয়ে নেন বার্দগি। মাঝমাঠ থেকে র‍্যাশফোর্ডের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন লেভানদোভস্কি। পোলিশ তারকার পাস পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ১৯ বছর বয়সী সুইডিশ উইঙ্গার বার্দগি।

কুয়েতে জন্ম নেওয়া বার্দগিকে ভাবা হচ্ছে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন। এই মাসের মাঝামাঝি এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে তাকে দলে নেয় বার্সেলোনা।

আবার এগিয়ে যাওয়ার পরের মিনিটেই র‌্যাশফোর্ডকে তুলে পেদ্রো ফের্নান্দেসকে নামান বার্সেলোনা কোচ।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আরেকটি দারুণ গোলে ব্যবধান বাড়ান ১৭ বছর বয়সী ফের্নান্দেস। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জালে পাঠান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

স্পেনে জন্ম নেওয়া ফের্নান্দেসের মা ফিলিপাইন বংশোদ্ভূত। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণের মাঝে ক্লাবটির কিংবদন্তি ইনিয়েস্তার ছায়া দেখেন অনেকে। গত মৌসুমে বার্সেলোনার মূল দলের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি। এবার অভিষেকেও ঝলক দেখালেন।

প্রচারকারী প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের অভিযোগে প্রাথমিকভাবে জাপান সফর বাতিল করেছিল বার্সেলোনা। পরে ঝামেলা মিটে যাওয়ায় সেই সিদ্ধান্ত বদলে ফেলে তারা। 

এশিয়া সফরে আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিউল এফসি ও ৪ অগাস্ট দেগু এফসির বিপক্ষে খেলবে ফ্লিকের দল।