১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফ্রান্স দলের যে সমস্যার সমাধান চান কোচ

আইসল্যান্ডের বিপক্ষে দলের শেষ দিকের পারফরম্যান্সে একদমই খুশি নন দিদিয়ে দেশম।

ফ্রান্স দলের যে সমস্যার সমাধান চান কোচ
ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠে এগিয়ে যাওয়ার স্বস্তি। সেই আনন্দের রেশ কাটিয়ে না উঠতেই গোল হজম। আইসল্যান্ডের বিপক্ষে এমনই ছিল ফ্রান্সের পারফরম্যান্স। সুযোগ পেয়েও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে না পারায় হতাশ দলটির কোচ দিদিয়ে দেশম।

ফরাসিদের শেষ দিকের পারফরম্যান্সে কিছুটা ক্ষুব্ধ দেশম। তার মতে, এগিয়ে যাওয়ার পর নেতিয়ে যায় তার দলের ফুটবলাররা। আর সেই সুযোগই কাজে লাগিয়ে সমতা ফেরায় আইসল্যান্ড। দলের এই সমস্যার সমাধান করতে হবে বলে মনে করছেন ফ্রান্স কোচ।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সোমবার আইসল্যান্ডের মাঠে ২-২ ড্র করে ফ্রান্স। ভিক্তর পালসন স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু। জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ফ্রান্স লিড নিলে সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন।

শক্তিতে পিছিয়ে থাকা আইসল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধটা ভালো কাটেনি ফ্রান্সের। ৩৯তম গোল হজম করে বসে তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৬ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু তাদের সেই আনন্দ দুই মিনিটও স্থায়ী হতে দেয়নি আইসল্যান্ড। গোল করার পর ফ্রান্সের কিছুটা নড়বড়ে ভাবই প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে বলে ম্যাচ শেষে বোঝাতে চাইলেন দেশম।

“আইসল্যান্ডের দুটি শট ছিল লক্ষ্য এবং ওই দুটিতেই গোল পেয়েছে তারা। তবে প্রথমার্ধ আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। পরে যা করার দরকার ছিল, আমরা সেটা করেছি, কিন্তু হতাশার হলো যেভাবে আমরা দ্বিতীয় গোলটি হজম করেছি।”

“আমরা কঠিন কাজটি করে ফেলেছিলাম এবং এরপরই মিইয়ে যাই- এমনটা হওয়া উচিত নয়। এই সমস্যার সমাধান করতে হবে।”

টানা তিন জয়ের প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে তারা। ৮ পয়েন্ট নিয়ে তিনে আইসল্যান্ড।