Published : 19 Nov 2025, 07:52 PM
দুই দলের পার্থক্য স্পষ্ট হয়ে উঠল শুরুতেই। নারী কাবাডি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ছয় মিনিটে অল আউট হলো বাংলাদেশ! পরেও পারল না চ্যালেঞ্জ জানাতে। ঘরের মাঠের বিশ্বকাপে প্রথম হারের তেতো স্বাদ পেলেন বৃষ্টি-রূপালিরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দল পিছিয়ে ছিল ২৯-৮ পয়েন্টে।
থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ভারত পেল টানা দ্বিতীয় জয়।
উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে।
শুরু থেকেই বাংলাদেশকে ব্যবধান বুঝিয়ে দিতে থাকে ভারত। ১০ মিনিটের মধ্যে ব্যবধান করে ফেলে ১৬-৬ পয়েন্টে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯-৮ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ভারতের সঙ্গে লড়াই করতে পারেনি ২০১২ সালের বিশ্বকাপে পঞ্চম হওয়া বাংলাদেশ। এ অর্ধে ভারত তুলে ২৪ পয়েন্ট, বাংলাদেশ সেখানে তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট।
নিজেদের চতুর্থ ম্যাচে আগামী শনিবার থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচে হারের পর বৃষ্টি বিশ্বাস বললেন, থাইল্যান্ড ম্যাচের ভাবনায় ভারতের বিপক্ষে কৌশলী ছিলেন তারা।
“ভারত অবশ্যই অমাদের থেকে ভাল দল। সত্যি কথা বলতে এই গ্রুপে আমাদের লক্ষ্য থাইল্যান্ডকে হারানো। ওদের হারাতে পারলে সেমি-ফাইনালে যাবো, আমাদের পদকও নিশ্চিত হবে। সে কারণে আজকের ম্যাচে আমরা কিছু খেলোয়াড় বাইরে রেখেছি, যেমন স্মৃতি আপু (স্মৃতি আক্তার)। আজকে আমরা আমাদের সেরাটাই খেলেছি। তবে কোন চোট যেন না হয় সেদিকেও খেয়াল ছিল। যে কারণে খুব বেশি ঝুঁকি নেইনি।”
বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারার কারণটা জানালেন ভারত অধিনায়ক ঋতু নেগি। ঢাকা থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার আশাবাদও জানালেন তিনি।
“দেখুন, আমাদের খেলাটা অনেক ভালো হয়েছিল, আমরা ভারতে অনেক ক্যাম্প করি তাই বাংলাদেশেকে এতো বড় ব্যবধানে হারানোটা সহজ হয়েছে। আপনি যদি আমাদের প্রথম খেলা দেখে থাকেন সেখানে আমরা যে কৌশল ব্যবহার করেছিলাম, সেখান থেকে দেখবেন বাংলাদেশের বিপক্ষে ভিন্ন একটা কৌশল ছিল। কাপ জয়ের আশা নিয়েই আমরা এসেছি।”